২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ৩০২ জনের কমিটির ৩২ জনের পদ স্থগিত  

পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাঁচ দিনের মাথায় এই সিদ্ধান্ত এল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2022, 12:15 AM

Updated : 16 Sep 2022, 12:15 AM

ছাত্রদলের ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাঁচ দিনের মাথায় ৩২ জনের পদ স্থগিত করা হয়েছে।

 বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “৩২ জনের নামে অভিযোগ উত্থাপন হওয়ায় আপাতত পদ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

যাদের পদ স্থগিত হয়েছে, তাদের মধ্যে একজন সহসভাপতি রয়েছেন। তিনি হলেন কাজী মোহাম্মদ ইলিয়াস।

যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন ১০ জন। তারা হলেন- মো. জহিরুল ইসলাম, মো. ইউনুচ আলী রাহুল, মো. সালাহউদ্দিন, আকন মামুন, খায়রুল আলম সুজন, মারজুক আহমেদ, জুয়েল মৃধা, সালেহ মো. আদনান, আবুল কালাম আজাদ, মো. সোহরাব হোসেন সুজন।

পুরনো খবর:

ছাত্রদলের ৩০২ সদস্যের কমিটি ঘোষণা

সহ সাধারণ সম্পাদক রয়েছেন ১৩ জন। তারা হলেন- আবদুল্লাহ আল মাসুদ, মাইনুল ইসলাম সোহান,কাজী মোহাম্মদ রেজাউল করিম রাজু, এস এম ফয়সাল, কামরুজ্জামান কামরুল,মীর ইমরান হোসেন মিথুন, বাছিরুল ইসলাম রানা, আজিজুল হক জিয়ন, মো. আরিফুর রহমান আমিন, মিজানুর রহমান মিজান, ফেরদৌস হোসেন ফয়সাল,আল মামুন, আরিবা নিশীথ।

সহ সাংগঠনিক সম্পাদক  ৫ জনের পদ স্থগিত হয়েছে। তারা হলেন- মো. আল আমিন, এম এ রহিম শেখ, শহীদুল ইসলাম নয়ন, মামুন মজুমদার,মো. নজরুল ইসলাম রাঢ়ী।

এছাড়া সহ আইন সম্পাদক ওয়ালিউল্লাহ, সহ পাঠাগার সম্পাদক আনিসুর রহমান আনিচ ও সহ অর্থ সম্পাদক মো. রিয়াদ আহমেদের পদও স্থগিত হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে ৩০২ সদস্যের ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বিএনপি।

এরপর অভিযোগ ওঠে, কমিটিতে যাদের নেওয়া হয়েছে, অনেকের ক্ষেত্রে গঠনতন্ত্র মানা হয়নি, বিবাহিত ও অছাত্ররা কমিটিতে স্থান পেয়েছে।