মেননের আসনে নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাছিম
তবে আগের নির্বাচনের শরীকদের মধ্যে কুষ্টিয়া-২ এ হাসানুল হক ইনু ও নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানের আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।
একাদশ সংসদ নির্বাচনের মহাজোটের শরিকদের দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা বাদ রাখলেও আরেক শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য মেননের জায়গা প্রার্থী হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়নের জন্য বেছে নেওয়া হয়েছে।
রোববার ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে ২৯৮ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় তিনি কুষ্টিয়া-২ এ মহাজোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আসন এবং নারায়ণগঞ্জ-৫ এ জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান এর আসন খালি রাখার ঘোষণা দেন।
ঢাকা-৮ থেকে মেনন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বাহাউদ্দিন নাছিম ২০১৮ সালে দলের মনোনয়ন পাননি। এর আগে তিনি মাদারীপুর ৩ থেকে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
একাদশ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে (ভেড়ামারা ও মিরপুর) জাসদের হাসানুল হক ইনু জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এ আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ইনু।
অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির সেলিম ওসমান শরিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ভাই।
