২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে বিদেশ পাঠাতে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি ফখরুলের

“আমার প্রথমবারের মতো মনে হয়েছে যে, সত্যি আমাদের ম্যাডাম আমাদের মাতা, আমাদের ম্যাডাম অনেক অনেক বেশি অসুস্থ,” বলেন িতনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 04:19 AM

Updated : 17 Jan 2024, 04:19 AM

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, ‘‘আজকে পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।” 

৭৮ বছর বয়সী খালেদা ঢাকার এভারকেয়ার হাসপাতালে গত ৯ অগাস্ট থেকে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে রোববার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ফখরুল। 

আগের দিন এভারকেয়ারে চেয়ারপারসনকে দেখে এসেছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘‘যে নেত্রী অত্যন্ত শক্ত মনের, জোর নিয়ে সমস্ত প্রতিকূলতা থেকে কাটিয়ে ওঠেন; যিনি পাঁচ বছর বন্দি থাকা অবস্থায়ও কোনোদিনও তার চোখে আমরা পানি দেখিনি। গতকাল তাকে অত্যন্ত অসুস্থ দেখেছি। আমার প্রথমবারের মতো মনে হয়েছে যে, সত্যি আমাদের ম্যাডাম আমাদের মাতা, আমাদের ম্যাডাম অনেক অনেক বেশি অসুস্থ।” 

এ সময় বিএনপি নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন, ‘খালেদা জিয়ার কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে’। 

দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে গুলশানের বাসায় থাকছেন। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। 

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদার দণ্ড স্থগিত করেন ছয় মাসের জন্য। ওই বছরের ২৫ মার্চ খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাড়িতে রয়েছেন। প্রতি ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে পরিবারের আবেদনে।

রোববার তার মুক্তির দাবিতে সমাবেশে ফখরুল বলেন, “আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে এই কথাটা স্পষ্ট করে বলতে চাই- এই অবৈধ ক্ষমতা দখলকারী সরকারকে বলতে চাই… দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে উন্নত হাসপাতালে প্রেরণ করুন। এই ক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয়- তাতে নেত্রীর ক্ষতি হবে না, তার পরিবারের ক্ষতি হবে না, এই বাংলাদেশের বড় ক্ষতি হবে। 

“শুধু বাংলাদেশ নয়, এই এশিয়া উপমহাদেশে যে ক’জন নেতানেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন- তাদের কয়েকজনের মধ্যে আমাদের নেত্রী আছেন। কয়েকদিন আগে আমাদের অফিসে জার্মান শার্জ দ্য অ্যাফেয়ার্স এসেছিলেন। তিনি বললেন, ‘ম্যাডামে কেমন আছেন। আমরা তার স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন। আমরা তাকে অন্যভাবে দেখি।’ এই হচ্ছে পাশ্চাতের ধারণা।” 

বিদেশে যেতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে- আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘‘এসব ছলচাতুরি করে কোনো লাভ নেই। আবেদন করেন নাই? পরিবার থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে তার মুক্তির কথা বলা হয়েছিল, একই সঙ্গে তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল। 

‘‘আপনারা এখন বেমালুম চেপে গিয়ে মিথ্যা কথা বলছেন। আমি বলব, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। গণতন্ত্রের মাতাকে মুক্তি দিয়ে এখন প্রমাণ করে যে- আপনারা গণতন্ত্রের কিছুটা হলে বিশ্বাস করেন।” 

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিনের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)