সাংবাদিকদের মধ্যে ‘বিভাজন’ সৃষ্টি করা হয়েছে: ফখরুল
“একটা গণতান্ত্রিক রাষ্ট্র- তার জন্য একটা মুক্ত গণমাধ্যম দরকার; সেই বিষয়টাকে এরা বেমালুম চেপে দিয়েছে,” বলেন বিএনপি মহাসচিব।
দেশের গণমাধ্যম ‘ফ্যাসিবাদের ভয়াল গ্রাসে আক্রান্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একে একে সবগুলোকে বন্ধ করে ফেলা হয়েছে। আমি যখন আপনাদের (সাংবাদিকদের) মাঝে আসি, তখন মনে হয় যে- এখনও বোধহয় কিছু অবশিষ্ট আছে, যখন আপনারা কথা বলেন। যখন আবার পত্র-পত্রিকার দিকে তাকাই, চ্যানেলগুলোর কথা শুনি, তখন মনে হয়- এখানেও সেই ভয়াল গ্রাস ফ্যাসিবাদের আক্রান্ত করেছে।
“আজকে ফ্যাসিবাদ সাকসেস তখনই হয়, যখন সমগ্র সমাজের মধ্যে একটা ফিয়ার ফোবিয়া হয়ে উঠতে পারে, একটা ভীতি, একটা সন্ত্রাসের একটা… রাজ্য তৈরি করতে পারে।”
রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়নের এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বক্তৃতা করছিলেন।
মির্জা ফখরুল বলেন, “আজকে দেখুন, এখন এমন একটা অবস্থা হয়েছে- আপনারা যে এক হয়ে লড়াই করবেন, তার সুযোগ রাখা হচ্ছে না। আপনার প্রেস ক্লাবে বিভাজন হয়েছে, আপনারা সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে… মৌলিক যে বিষয়টা একটা গণতান্ত্রিক সমাজ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার জন্য একটা মুক্ত গণমাধ্যম দরকার; সেই বিষয়টাকে এরা বেমালুম চেপে দিয়েছে।
“পার্লামেন্টের দাঁড়িয়ে এই গণবিচ্ছিন্ন সরকারের প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন, সেই ভাষায় আমরা কল্পনাও করতে পারি না- একটা সভ্য দেশের প্রধানমন্ত্রী এভাবে কথা বলতে পারেন।”
বিএনপি মহাসচিব বলেন, “আজকে গণমাধ্যমের স্বাধীনতা- প্রেস ফ্রিডমটা নেই। তার যে অবস্থা- এই গণবিচ্ছিন্ন সরকার তৈরি করেছে, ইতোপূর্বে আর কখনও আমরা লক্ষ্য করিনি। এখন এক সেন্সর নিতে হয় আপনাদেরকে- সেলফ সেন্সরশিপ করে দেয়।
“সবাই ভাবেন যে, এটা লেখা যাবে কি যাবে না, আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেতে হবে কি না। এখানে রুহুল আমিন গাজী ভাই বসে আছেন, সংগ্রামের সম্পাদক আসাদ সাহেব- তারা উজ্জ্বল দৃষ্টান্ত। অনেক সাংবাদিক আছেন যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এখন পর্যন্ত সেই মামলা ঝুলছেন। আমি এবার জেলে গিয়ে দেখলাম যে, আমাদের অনেক যুবক-তরুণ এমনকি অপরিণত বয়স্ক ছেলে, যাদের বয়স ১৮ হয়নি তারাও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক হয়েছে, জেলের মধ্যে আছে।”
দেশের অবস্থাকে ‘ভয়াবহ’ বর্ণনা করে সাংবাদিক সমাজসহ পেশাজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি-জামায়াত সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ ইফতার মাহফিল হয়।
বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী বক্তব্য রাখেন।
পরে বিএনপি মহাসচিব সাংবাদিক রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, ইলিয়াস খান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ সাংবাদিক নেতাদের নিয়ে ইফতার করেন।
