১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব থাকবে না: কাদের

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:34 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

চৌদ্দ দলের সঙ্গে আওয়ামী লীগের কোনো দূরত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক শেষে বের হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা  সাড়ে ৩ ঘণ্টা সবার বক্তব্য শুনেছেন। যার যা বলার সবাই বিস্তারিত বলেছেন। এতে ১৪ দলের যে দূরত্বের কথাটা বলা হয়, সেটা আর থাকবে না।

“১৪ দল নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রারম্ভিক বক্তব্যে সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন। বৈঠকে  অসাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছেন।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “১৪ দলের সবাই গাইডলাইন চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলকে নিজেদের দলগুলোকে আরও সংগঠিত করা, নিজেদের দলগুলোকে জনগণের কাছে আরও জনপ্রিয় করে তোলা- এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন।

“১৪ দলকে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মানবতাবোধকে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।"