ভোলায় নিহত দুই কর্মীর পরিবারকে বিএনপির অনুদান
নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় নিহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
মির্জা ফখরুল বলেন, “এই ভয়াবহ ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী অনির্বাচিত সরকারের হাতে নিহত আব্দুর রহিম ও নুরে আলমের রক্ত কখনও আমরা বৃথা যেতে দেব না। আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে, বিএনপি সব সময় এই শহীদ পরিবারের পাশে থাকবে।”
এ সময় ভোলার বিএনপি নেতাদেরও ওই দুটি পরিবারের পাশে থাকার আহ্বান জানান ফখরুল।
গত ৩১ জুলাই জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় সমাবেশের সময় সংঘর্ষে নিহত হন আব্দুর রহিম। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে আসার পর গত ৩ অগাস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরে আলম।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, হাফিজ ইব্রাহিম, বিলকিস জাহান শিরিন, শরিফুল আলম, হায়দার আলী লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম ও নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান।
আরও পড়ুন
