ফরিদপুর সদরে আজাদের পক্ষে প্রচারে আবার হামলা, আহত ৫
স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের অনুসারীরা এসব হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের অনুসারীদের দায়ী করছেন।
ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের এর সমর্থকদের ওপর আবার হামলার অভিযোগ উঠেছে। এতে ৫ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুরে এই ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সব প্রার্থীর জন্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং সমানভাবে সহযোগিতা করবে।”
এ কে আজাদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, “ঈশান গোপালপুরে ঈগল মার্কার ভোট চাইতে সন্ধ্যায় আমরা প্রচার চালাচ্ছিলাম। এ সময় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই অভিযোগের বিষয়ে চেয়ারম্যান শহীদুল ইসলামের বক্তব্য জানতে পারেনি।
আহত বিল্লাল আলী শেখ, খোকন মল্লিক, লালন মন্ডল, সাঈদ মিয়া ও মো. সোহাগকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক মুনতাসীর হাসান জিসান বলেন, “আহত অবস্থায় ৫ জন হাসপাতালে নিয়ে আসা হলে তাদেরকে ভর্তি করা হয়।”
এর আগে, সদর উপজেলার ঈশান গোপালপুর, অম্বিকাপুর, পৌর শহরের একাধিক হামলার স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা হয়।
বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে এই নির্বাচনে ফরিদপুর সদর আসনে আওয়ামী লীগের শামীম হকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ ।
আজাদ নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। তিনি ঈগল প্রতীক পেয়েছেন। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের একাংশ তার পক্ষে আছে।
এ কে আজাদ বলেন, “প্রতীক বরাদ্দের পর থেকেই আমার কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। একাধিক হামলার ঘটনাও ঘটেছে। এমনটি ঘটতে থাকলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”
আজাদের অনুসারীরা এসব হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের অনুসারীদের দায়ী করছেন।
তবে নৌকা মার্কার প্রার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার কর্মী সমর্থকেরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা নানা কায়দায় মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে। আমি ও আমার কর্মী সমর্থকরা নির্বাচন বিধি মেনেই কাজ করে চলছি।”
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, “এখন পর্যন্ত যে কয়টি ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। কয়েকটি হামলার ঘটনায় আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি।”
রিটার্নিং কর্মকর্তা ও ফদিরপুরের ডিসি কামরুল আহসান তালুকদার বলেন, “নির্বাচন হবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। এখানে কাউকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে না।
“আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করবে, এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।”
