সিটি নির্বাচনে ‘মুখোশ ছাড়াই’ আসুক বিএনপি: তথ্যমন্ত্রী
“আমার ধারণা তাদের অনেকেই মুখোশ লাগিয়ে নির্বাচনে অংশ নেবেন। আমরা চাই, তারা মুখোশ ছাড়াই অংশ নিক।”
সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও বিএনপির নেতারা ‘স্বতন্ত্র’ পরিচয়ে প্রার্থী হবেন বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তার দৃষ্টিতে বিএনপির ‘মুখোশ পরে’ নির্বাচন করতে চাইছে।
‘এই কৌশলের’ কোনো প্রয়োজন নেই বলে মনে করেন মন্ত্রী। তিনি চান, বিএনপি ভোটে আসুক ‘মুখোশ খুলে’।
ইউরোপে সরকারি সফর শেষে শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন হাছান মাহমুদ।
দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, “বিএনপি এই নির্বাচন বর্জন করার কথা বললেও তাদের নেতারা যে এতে অংশ নিতে চান, সেটি স্পষ্ট। অন্য নির্বাচনেও তাদের নেতারা স্বতন্ত্রভাবে অংশ নিয়েছে। পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের জন্যও নেতারা ছুটোছুটি করছেন।
“তাদের অন্দরমহলে নানা আলোচনা হচ্ছে। নির্বাচনে আসলে আমরা বিএনপিকে স্বাগত জানাই। আমার ধারণা তাদের অনেকেই মুখোশ লাগিয়ে নির্বাচনে অংশ নেবেন। আমরা চাই, তারা মুখোশ ছাড়াই অংশ নিক।”
জাতীয় নির্বাচনের আগে দেশের পাঁচটি মহানগরে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫ মে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং তারপর ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।
এরই মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বাছাই করে ফেলেছে। তবে বিএনপি ভোটে যেতে আগ্রহী নয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আন্দোলনে থাকা দলটি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় নির্বাচনে যেতেও চায় না।
অবশ্য বিএনপির এই অবস্থানের মধ্যেও নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়েছেন।
নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকার এবং কুমিল্লায় মনিরুল হক সাক্কুর পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতা নিজামউদ্দিন কায়সারও ভোটে ছিলেন। সাক্কু ও কায়সারের মধ্যে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে প্রথমবারের মত কুমিল্লায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। জিতেছেন আরফানুল হক রিফাত।
সিলেটে গতবারের বিজয়ী আরিফুল হক চৌধুরী ভোটে অংশ নেওয়ার বিষয়ে সংকেত দিয়েছেন। বরিশালে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন, গাজীপুরে গতবারের প্রার্থী হাসান সরকারের ভাতিজা শাহ নুর ইসলাম রনি সরকার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
খুলনায় গতবারের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন “আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দেওয়ার’ সুযোগ দেওয়া উচিত নয়।”
জাতীয় নির্বাচনে ‘অংশ নেবে’ বিএনপি
হাছান মাহমুদ কথা বলেন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গেও।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হলে ২০১৪ সালের মত এবারও ভোটে না আসার ঘোষণা দিয়েছে দলটি। তাদেরকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা হলে তা ঠেকানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, “সব পর্যবেক্ষক নির্বাচন দেখবেন… এবং আমরা আশা করি, বিএনপি অংশ নেবে।”
নির্বাচন থেকে এভাবে ‘পালিয়ে যেতে থাকলে’ এক সময় বিএনপি দলটাই ‘পালিয়ে যাবে’ বলেও মন্তব্য করেন হাছান। বলেন, “তখন আর তাদের খোঁজে পাওয়া যাবে না।”
নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না জানিয়ে তিনি বলেন, “নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন এবং আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার সকল সহযোগিতা দেবে।
বিএনপির আন্দোলন কোন ঈদের পরে?
বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে কটাক্ষও করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, “ঈদের পরে, শীতের পরে, গ্রীষ্মের পরে, স্কুল ছুটির পরে, কোরবানির পরে, বর্ষার পরে- এ সব কথা ১৪ বছর ধরে শুনে আসছি। মির্জা ফখরুল সাহেবের এসব কথা মানুষ ‘হাস্যকর বক্তব্য’ হিসেবে চিহ্নিত করেছে।
“আর তিনি 'ঈদের পরে' বলেছেন, কিন্তু কোন ঈদের পরে সেটি বলেননি। আমার প্রশ্ন- কোন ঈদের পরের কথা তারা বলছেন?”
‘বিরোধীদের প্ররোচণায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ব্যক্তিবিশেষ’
জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে র্যাব নিয়ে যে তথ্যচিত্র প্রকাশ করেছে, সেটি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুক পেইজে প্রকাশ নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “এখানকার মার্কিন দূতাবাস যে বিভিন্ন ধরনের ছুটোছুটি করে, নানা জনের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করে, যেগুলো নিয়ে প্রশ্ন ওঠে, সেগুলোর সঙ্গে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনেক ক্ষেত্রেই সংশ্রব নেই, সেটি পরিষ্কার।
“দূতাবাসের কোনো ব্যক্তিবিশেষ এটি শেয়ার করেছেন এবং বিরোধী দল এর প্ররোচনা দিয়েছে। আমাদের বিরোধী দলের লোকজন রাত-বিরাতে দূতাবাসে গিয়ে তাদের হাত-পা ধরে তাদেরকে যে প্ররোচিত করে, যেটা আমরা আগে থেকেই বলে আসছি, এ ঘটনায় সেটিই স্পষ্ট হয়েছে।”
ইউরোপ সফরে কী পেল দেশ
ইউরোপ সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, যুক্তরাজ্যের লন্ডনের আর্কাইভ ব্রিটিশ পাথে এবং ডাচ সংস্থা রেডঅরেঞ্জের সঙ্গে মুক্তিযুদ্ধের অডিও-ভিজুয়াল সংগ্রহের বিষয়ে দুটি চুক্তি হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এবং অন্যান্য সংস্থার কাছ থেকেও ফুটেজ সংগ্রহের বিষয়ে আলোচনা হয়েছে।
এসব ফুটেজ সংগ্রহ করা গেলে তা দেশের ইতিহাসকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ইতিহাস বিকৃতিও ঠেকানো যাবে বলেও মনে করেন তিনি।
