এ্যানী রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্যাংককের একটি হাসপাতালে মঙ্গলবার বেলা ১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিরোজপুরের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় সরকারপ্রধান বলেন, শেখ এ্যানী রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান এবং একজন কর্মীবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়নে সব সময় উদ্যোমী ছিলেন।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার বেলা ১টা ৪৫ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ্যানী রহমানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী এবং সম্পর্কে প্রধানমন্ত্রীর চাচি।
তার বাবা এনায়েত হোসেন খান পাকিস্তান আমলে জাতীয় পরিষদের সদস্য ছিলেন। স্বাধীনতার পর তিনি বাকেরগঞ্জের সংসদ সদস্যও ছিলেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এনায়েত হোসেন খান বাকশাল ব্যবস্থায় জেলার গভর্নরের দয়িত্বও পালন করেন।
২০১৯ সালে ২০ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন এ্যানী।
