বিএনপির অনেকের পরিবারে ঈদের আনন্দ নেই: আমীর খসরু
মামলা, গ্রেপ্তার ও হয়রানির কারণে বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারে এবার ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজের বাসভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে রাখা হয়েছে। অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। অনেকে গুম-হত্যার শিকার। শত শত নেতকর্মী পঙ্গু। তাদের জীবনে ঈদ নেই। এসব পরিবারে ঈদের আনন্দ নেই। চেষ্টা করছি তাদের যতটুকু আনন্দ দেওয়া যায়। যতটুকু স্বান্তনা দেয়া যায়।”
চলতি বছরের প্রথম তিন মাসে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধে নাশকতায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলায় কেউ কারাগারে, কেউবা আত্মগোপনে আছেন।
এ প্রসঙ্গে বিএনপি নেতা খসরু বলেন, “স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে এরকম পরিস্থিতি কখনও ছিল না। এত কঠিন সময় কেউ পার করেনি। এরকম ঈদ কেউ কখনও দেখেনি।”
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হন। তাদের আপ্যায়নের পাশাপাশি ব্যক্তিগত খোঁজ-খবর নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি।
আমীর খসরু বলেন, “এটা শুধু বিএনপির সংগ্রাম না। গণতন্ত্র, আইনের শাসন, বাক ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার সংগ্রাম, বাংলাদেশের ১৬ কোটি মানুষের সংগ্রাম।
“জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা তাই অনেক বলীয়ান। অব্যাহতভাবে এই মুক্তির সংগ্রামে কাজ করে যেতে হবে। যতদিন মুক্তি না আসে ততদিন সবাইকে মিলেই এ সংগ্রামে ভূমিকা রাখতে হবে।”
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান ও শামসুল আলম এবং সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মী, নির্বাচনী এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন পেশার লোকজনকে বিশাল আঙ্গিনায় আপ্যায়নের ব্যবস্থা করা হয়। পরোটা, খাসির মাংস আর জর্দা দিয়ে আগতদের আপ্যায়ন করেন বিএনপি নেতা খসরু।
