২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভায় আর বড় পরিবর্তন আসছে না, মুহিতের ইঙ্গিত

নতুন তিনজনকে যুক্ত করা এবং পুরনো দুজনকে মন্ত্রী করার পাশাপাশি সৈয়দ আশরাফুল ইসলামের দপ্তর পরিবর্তনের পর মন্ত্রিসভায় আরও রদবদলের গুঞ্জন থাকলেও সেই ধরনের কিছু ঘটবে না বলে মনে করেন আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 02:29 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

“কিছু কিছু পরিবর্তন হয়েছে, আমার মনে হয় না আর বড় কিছু হবে,” বলেছেন মন্ত্রিসভার জ্যেষ্ঠ এই সদস্য।

ঈদ করতে সিলেটে রয়েছেন মুহিত। ঈদের পরদিন রোববার দুপুরে যুগলটিলা মন্দিরে ইসকন আয়োজিত রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

দেড় বছরের মধ্যে গত সপ্তাহে মন্ত্রিসভায় প্রথম রদবদল আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার থেকে সরিয়ে জনপ্রশাসনের মন্ত্রী করা।  

এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানকে পূর্ণ মন্ত্রী করা হয়। নতুন করে মন্ত্রী করা হয়েছে নুরুল ইসলাম বিএসসিকে, প্রতিমন্ত্রী করা হয়েছে তারানা হালিম ও নূরুজ্জামান আহমেদকে।  

মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে অর্থমন্ত্রী মুহিত বলেন, “এটা একটি গতিশীল প্রক্রিয়া, এটার মধ্যে তেমন কিছু দেখার নেই। সরকারের প্রথম মেয়াদের পাঁচ বছর পর নতুন মন্ত্রিসভা হল, তখন প্রধানমন্ত্রী কোনো বিশেষ পরিবর্তন করেননি। তাই একটু সময় নিয়ে করেছেন।”

পুরনো খবর:

সৈয়দ আশরাফের প্রত্যাবর্তন
বিএসসি প্রবাসী কল্যাণে, খাদ্যে নুরুজ্জামান, তারানা টেলিযোগাযোগে