জামায়াতের ইফতারে খালেদা
নানামুখী চাপের মধ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটেছে বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার মধ্যে দলটির ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়া।
আর খালেদা জিয়াকে পাশে রেখে বৃহস্পতিবার ওই ইফতার অনুষ্ঠানে জামায়াতের নেতারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রোজার সপ্তম দিনে সোনারগাঁও হোটেলে জামায়াতের এই ইফতার অনুষ্ঠানে ২০ দলীয় জোটের নেত্রী বিএনপি চেয়ারপারসন ছিলেন প্রধান অতিথি। তবে যানজটের কারণে ইফতার শুরুর দুই মিনিট পর তিনি অনুষ্ঠানে যোগ দেন।
যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ তাহকীক ও আলী আহসান মাবরুর, দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী, মৃত্যুদণ্ডে দণ্ডিত এম কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী ও হাসান ইমাম, মৃত্যুদণ্ডে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামীল এবং যুদ্ধাপরাধের মামলার আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও শিশির মুহাম্মদ মনির এই ইফতার অনুষ্ঠানে ছিলেন। তারা এক টেবিলে বসে ইফতার করেন।
ইফতারের আগে বক্তব্যে জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান অভিযোগ করেন, জামায়াতের নেতাদের ‘ষড়যন্ত্র’ করে হত্যা করা হচ্ছে।
“প্রশ্নবিদ্ধ বিতর্কিত বিচারপ্রক্রিয়ায় মিথ্যা অপবাদ দিয়ে সরকার আবদুল কাদের মোল্লা ও শহীদ মুহাম্মদ কামরুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সরকার মূলত জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে নিয়োজিত।”
সরকারের ‘অনুগত’ মিডিয়া বিভ্রান্তি সৃষ্টির করে পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন মজিবুর। ‘জালেম’ সরকারের বিরুদ্ধে ‘সীসাঢালা প্রাচীরের মতো’ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
ইফতারে খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে জামায়াত নেতা মজিবুর রহমান ছাড়াও ছিলেন এলডিপির অলি আহমদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, আহমেদ আবদুল কাদের, জমিয়তে উলামা ইসলামের মুফতি আবদুর রব ইউসুফী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এএইচএম কামারুজ্জামান খান, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, ডিএল’র সা্ইফুদ্দিন আহমেদ মনি, ব্রাহ্মণবাড়িয়ার পীর মাওলানা আবু তাহের জেহাদী, মাওলানা আবদুর রহমান চৌধুরী, ছারছিনার ছোট পীর শাহ মুহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী।
কবি আল মাহমুদ, সাংবাদিক সাদেক খান, অধ্যাপক মাহবুবউল্লাহ, কলামনিস্ট মাহফুজউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, কবি আল মুজাহিদী, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, আবদুস শহীদ, ফখরুল আলম কাঞ্চন, কাদের গনি চৌধুরী ইফতারে অংশ নেন।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, হায়দার আলী, রুহুল আলম চৌধুরী, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আ ন হ আখতার হোসেন, শিরিন সুলতানা, খোরশেদ আলম মিয়া।
২০ দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন সাহাদাত হোসেন সেলিম, হামদুল্লাহ আল মেহেদি, গোলাম মোস্তফা ভুঁইয়া, এমএম আমিনুল রহমান, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, মঞ্জুর হোসেন ঈসা, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
জামায়াতে ইসলামীর মহানগর নায়েবে আমির আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জসিম উদ্দিন সরকার, আমিনুল ইসলাম, রিদওয়ান উল্লাহ শাহিদী, আবদুর রব, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ, মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, যায়নুল আবেদিন, মোবারক হোসাইন ইফতারে ছিলেন।
