‘নদীর পানি আনতে প্রয়োজনে আঙ্গুল বাঁকা করা হবে’
তিস্তাসহ অভিন্ন সব নদীর পানি ‘বুঝে নিতে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে ‘আঙ্গুল বাঁকা করবেন’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের মধ্যে রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, “পানির ক্ষেত্রে ভারত সোজা হলে ভাল; না হলে কী করতে হবে তা বাংলাদেশ সরকার জানে।
“শুধু তিস্তা কেন, তিস্তা তো এক নদী। এক নদী না, ভারত থেকে ৪৪ নদীর পানিই আসবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এ পানি আসবে মন্তব্য করে মোজাম্মেল হক বলেন, “সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে। কীভাবে আঙ্গুল বাঁকা করতে হয় তাও নেত্রী জানেন।”
এ সময় মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে জার্মানির হামবুর্গের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (আইটিএলওএস) বিরোধ নিষ্পত্তির প্রসঙ্গও টানেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
তিনি বলেন, “বার্মা (মায়ানমার) সমুদ্রসীমা নিয়ে আমাদের কথা শোনেনি। কিন্তু আন্তর্জাতিক আইন আছে; সে আইনের মাধ্যমে আমরা আমাদের সমুদ্রসীমা বুঝে পেয়েছি।”
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসার আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল সংগঠনের পক্ষ থেকে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানানো হচ্ছিল। সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নের পথ তৈরি হওয়ায় তিস্তার জট খোলারও আশা জেগেছিল। কিন্তু মোদী ঢাকা আসার আগেই জানিয়ে দেওয়া হয়, তিস্তা চুক্তি এবার হচ্ছে না।
চার বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়।
বাংলাদেশ সফরে ‘তিস্তা নিয়ে কোনো কথা না বলার প্রতিশ্রুতি’ দিয়ে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঢাকা সফরে ‘রাজি করান’ বলে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়।
নরেন্দ্র মোদী আসার কয়েক ঘণ্টা আগের শুক্রবার রাতে ঢাকা আসেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা।
শনিবার বিকালে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দেড় ডজনের মতো চুক্তি, প্রটোকল ও সম্মতিপত্র সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে রাতেই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মমতা।
এই সফরে তিস্তার জট না খুললেও নরেন্দ্র মোদী যতো তাড়াতাড়ি সম্ভব তিস্তা চুক্তি সইয়ের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তার এ সফরের যৌথ ঘোষণায় বলা হয়েছে।
তিস্তার পানি বণ্টন নিয়ে মোদী তার অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলেও এতে বলা হয়েছে।
নরেন্দ্র মোদী রোববার বঙ্গভবনে তার দেশের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর পক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদের হাত থেকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণ করেন।
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বের সমর্থন আদায়ে ভূমিকার জন্য বাজপেয়ীকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল তার বক্তব্য উল্লেখ করেন।
ঐতিহাসিক ছয় দফা দিবসের এ আলোচনায় তৎকালীন ছাত্রনেতা আ স ম আব্দুর রব ও শাহজাহান সিরাজের ‘মুক্তিযুদ্ধ পরবর্তী ভূমিকার’ সমালোচনা করে মোজাম্মেল বলেন, তারা ‘সময়ে সরব, অসময়ে নীরব’।
“শাহজাহান সিরাজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পল্টনে বঙ্গবন্ধুর উপস্থিতিতে ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। কিন্তু তিনি যখন সংসদে দাঁড়িয়ে বলেন, জিয়ার ডাকে যুদ্ধে গেছেন; তখন লজ্জার সীমা থাকে না।”
বঙ্গবন্ধুর ছয় দফার বিষয়ে মোজাম্মেল হক বলেন, “আওয়ামী লীগের অনেকেই ছয় দফা মানেনি। কিন্তু তারা শেষমেষ আওয়ামী লীগ থেকে চলে গেছেন।”
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।
