২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে বিএনপির আসা-যাওয়ার ‘নাটক’: কাদের

তিন সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়া এবং অভিযোগ তুলে ভোট বর্জনকে ‘সাজানো নাটক’ আখ্যায়িত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 01:54 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

বুধবার সিলেটের কাজির বাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বিএনপি নিঃশব্দ ভোট বিপ্লবের ডাক দিয়ে নীরবে নির্বাচন থেকে প্রস্থান করেছে, এটা রহস্যজনক।”

নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ‘উদ্দেশ্য ছিল না’ মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “এ নির্বাচন থেকে তারা আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হতে পারবে না।”

বিএনপির এসব কর্মকাণ্ডে তাদের কর্মীরা ‘হতাশ’ বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী কাদের।

তিনি বলেন, “যে দল আন্দোলন করতে গিয়ে কর্মী পায় না, নির্বাচন করতে গিয়ে এজেন্ট পায় না; সে দল আবার আন্দোলন করবে কেমন করে?”

আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজির বাজার সেতু উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

১১৪ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর উপর এই সেতু এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।

নির্মাণকাজ পরিদর্শনের সময় সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জেবুন্নেচ্ছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন মন্ত্রীর সঙ্গে ছিলেন।