আদালতের পথে খালেদা
দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে গুলশানের কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তার গাড়িবহর কার্যালয়ের ফটক দিয়ে বেরোয় বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদ জানান।
গুলশানের ওই কার্যালয়ে টানা তিন মাস অবস্থানের পর বাইরে বের হলেন বিএনপি নেত্রী। গত ৩ জানুয়ারি থেকে ৯৩ দিন এই কার্যালয়ে ছিলেন তিনি।
খালেদা জিয়ার গাড়িতে তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস রয়েছেন। এরা সবাই খালেদার সঙ্গে ওই কার্যালয় ছিলেন।
খালেদা জিয়ার গাড়িবহরে অন্য তিনটি পিকআপ ও চারটি মাইক্রোবাস রয়েছে। নিরাপত্তায় গাড়িবহরের সঙ্গে পুলিশের একটি পেট্রোল গাড়িও রয়েছে।
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ হবে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজের অস্থায়ী এজলাসে। খালেদা জিয়াকে হাজির হতে হবে সেখানে।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এর মধ্যেই গত ২৫ ফেব্রুয়ারি জিয়া ট্রাস্টের দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় খালেদার বিরুদ্ধে। এরপর পরোয়ানা প্রত্যাহারে খালেদার পক্ষ থেকে আবেদন করা হলে গত ৪ মার্চ তা নাকচ করেন বিচারক। রোববার ওই দুই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
খালেদা জিয়া আদালতে যাবেন বলে বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হওয়ায় আদালত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আদালতে হাজিরায় জামিন মিললে খালেদা জিয়া সেখান থেকে সরাসরি গুলশানের বাসায় যাবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ৯৩ দিন আগে ৩ জানুয়ারি নিজের বাসা থেকে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন তিনি। এরপর আর কার্যালয় থেকে বের হনিন বিএনপি নেত্রী।
দীর্ঘদিন বাসাটি খালি থাকায় শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার নিরাপত্তা কর্মীরা বাসার ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
