২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিন পর কার্যালয় থেকে বের হচ্ছেন খালেদা

দুই মামলায় হাজিরা দিতে তিন মাস পর গুলশানের কার্যালয় থেকে বের হতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 10:36 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

রোববার তিনি আদালতে যাচ্ছেন বলে শনিবার একাধিক সূত্র হতে নিশ্চিত করা হয়েছে। সেক্ষেত্রে ৯০ দিন পর কার্যালয় থেকে বের হবেন তিনি এবং আদালত থেকে তিনি বাসায় ফিরবেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার হাজিরার দিন বিএনপির পক্ষ থেকে হরতালের কোনো কর্মসূচি দেওয়া হয়নি। হরতালের কারণ দেখিয়ে এর আগে তিনি আদালতে হাজিরা এড়াতেন বলে আওয়ামী লীগের সমালোচনা রয়েছে।

৫ জানুয়ারি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি কার্যালয় থেকে বের হতে পুলিশের বাধা পান বিএনপি চেয়ারপারসন। ৫ জানুয়ারি কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডেকে সেখানেই অবস্থান নেন তিনি।

এরপর নানা ঘটনার মধ্যে কার্যালয়ে থেকে যান খালেদা জিয়া। মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর লাশ এলে কার্যালয়ে থেকেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।

এর মধ্যেই জিয়া ট্রাস্টের দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় খালেদার বিরুদ্ধে। রোববার ওই দুই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

রোববার খালেদা জিয়া আদালতে যাচ্ছেন বলে শনিবার সকালেই ইঙ্গিত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যিনি গুলশানের ওই কার্যালয়ে দলীয় চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন।

এরপর খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিকালে সাংবাদিকদের বলেন, “উনি (খালেদা) কাল আদালতে যাবেন। উনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, উনি জামিন চাইবেন।”

রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে তার পরামর্শক হিসেবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “বেগম জিয়া কাল আদালতে যাবেন, এটাই আমাকে জানিয়েছেন।”

কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে থাকা তার প্রেসসচিব মারুফ কামাল খান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম সকাল সাড়ে ৯টায় কার্যালয় থেকে বের হবেন।”

আদালত থেকে কার্যালয়ের বদলে তিনি বাসায় ফিরবেন বলে পুলিশকে দেওয়া বিএনপি চেয়ারপারসনের কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে। 

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতাদের মনোনয়নপত্র দাখিলের মধ্যে তিন মাস পর শনিবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ও খুলে দেওয়া হয়। কয়েকজন নেতা কর্মীদের নিয়ে সেখানে ঢুকেছেনও।

বিষয়টিতে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালেয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন বলেন, “আমি মনে করি, আস্তে আস্তে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আশা করি, শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান আসবে।”

বিএনপি নেতা সানাউল্লাহ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে যাওয়ার পথে নিরাপত্তার বন্দোবস্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন।

এর আগে গত ডিসেম্বরে সর্বশেষ আদালতে গিয়েছিলেন খালেদা। সেদিন বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে পুরান ঢাকার বকশীবাজার এলাকা রণক্ষেত্রে রূপ নিয়েছিল।

এরপর ৩ জানুয়ারি খালেদা জিয়াকে গুলশান ৮৬ নম্বর সড়কের কার্যালয়ে অবরুদ্ধ করে ফেলা হলেও কিছুদিন পর সেখান থেকে পুলিশ বেষ্টনি সরিয়ে নেওয়া হয়েছিল।

তবে এরপর তিনি কার্যালয় ছাড়েননি, যা নিয়ে সরকার প্রধান শেখ হাসিনাও সমালোচনামূলক মন্তব্য করে আসছেন। এর মধ্যে কোকোর মৃত্যুর পর শেখ হাসিনা দেখা করতে গেলেও কার্যালয়ের ফটক খোলা হয়নি।

এক পর্যায়ে ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়, কেটে দেওয়া হয় কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ। সেখানে খাবার ঢুকতেও পুলিশ বাধা দেয়।

কার্যালয়ে নেতা-কর্মী, কর্মকর্তা, নিরাপত্তা রক্ষী মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তি রয়েছেন খালেদা জিয়ার সঙ্গে। সর্বশেষ ১৩ মার্চ সংবাদ সম্মেলনে দেখা গিয়েছিল তাকে।

Image
কার্যালয়ে ১৩ মার্চ সংবাদ সম্মেলনে খালেদা জিয়া

কার্যালয়ে ১৩ মার্চ সংবাদ সম্মেলনে খালেদা জিয়া

Image
৫ জানুয়ারি কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়া

৫ জানুয়ারি কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়া

বিএনপি নেতাদের কথায় ইঙ্গিত ছিল, একবার বের হলে আর ঢুকতে পারবেন না বলে শঙ্কা থেকে খালেদা জিয়া কার্যালয় ছাড়ছেন না।

এর মধ্যে একুশে ফেব্রুয়ারি ও স্বাধীনতা দিবসেও শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে যাননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা। এ নিয়েও বিস্তর সমালোচনা শুনতে হয়েছে তাকে।

জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ হবে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজের অস্থায়ী এজলাসে।খালেদা জিয়াকে হাজির হতে হবে সেখানে।  

কয়েকটি ধার্য দিনে আদালতে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

পরোয়ানা থানায় গেলে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সেই পরোয়ানা এখনও পুলিশের হাতে পৌঁছেনি।

নিম্ন আদালতের বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে এই দুই মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে খালেদা জিয়া হাই কোর্টেও একটি আবেদন করেছেন, যার শুনানি এপ্রিলেই হওয়ার কথা।

পুরনো খবর:

টানা অবরোধের ডাক অবরুদ্ধ খালেদার
ছেলের কফিনের সামনে অশ্রুসিক্ত খালেদা
খালেদার কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর ‘৮ মিনিট’
শহীদ মিনারে না যাওয়ায় খালেদার সমালোচনায় রফিক
একমাত্র সমাধান ভোট, আন্দোলন চলবে: খালেদা