সবাইকে নিয়ে কাজ করতে চাই: আ জ ম নাছির
মেয়র পদে দলের সমর্থন পাওয়ার পরদিন চট্টগ্রামে ফিরে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেছেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
ঢাকা থেকে রওনা হয়ে শনিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী।
ওই বিমানে নাছিরের সঙ্গে চট্টগ্রামে ফেরেন সাংসদ এম এ লতিফ, নগর কমিটির কোষাধ্যক্ষ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
শুক্রবার গণভবনে বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেয়র পদে নাছিরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি মেয়র পদে দলের সমর্থন প্রত্যাশী ছিলেন।
বিমানবন্দরে নাসিরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শেখ মো. ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী প্রমুখ।
তিন বারের মেয়র মহিউদ্দিন ঢাকা থেকে ফিরে দলের সিদ্ধান্ত মেনে নাছিরের পক্ষে কাজ করার ঘোষণা দেওয়ায় তার সঙ্গে নাছিরের দেখা করার একটি গুঞ্জন চললেও সন্ধ্যা পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়নি।
২০১৩ সালের নভেম্বরে সাধারণ সম্পাদক পদ পেয়ে ঢাকা থেকে ফেরার দিনই নাছির তার রাজনৈতিক ‘গুরু’ মহিউদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন।
বিমানবন্দর থেকে আন্দরকিল্লার পৈত্রিক বাড়িতে গিয়ে নিজের মা’কে সালাম করেন নাছির। সেখান থেকে নগরীর জেল সড়কে আমানত শাহর মাজার জিয়ারত করেন তিনি।
মাজার প্রাঙ্গণে নাছির সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছেন চট্টগ্রামবাসীর সেবা করার জন্য।
“দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম শহরের উন্নয়নে কাজ করতে চাই। চট্টগ্রামের আপামর জনসাধারণকে আমি আত্মার আত্মীয় মনে করি। যদি নির্বাচনে পরাজিত হই, এতেও আমার কোনো দুঃখ নেই।”
বিকালে নগরীর কদম মোবারক মসজিদ কবরস্থানে বাবা সৈয়দ মঈনুদ্দিন হোসেনের কবর জিয়ারত করেন নাছির।
