খালেদার রাজনীতি ডাস্টবিনে: হাছান মাহমুদ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনীতি ডাস্টবিনে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “খালেদা জিয়া ক্ষমতায় গেলে বর্তমান সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলবে বলে মন্তব্য করেছেন। আমি বলছি তিনি আজ রাজনীতির ডাস্টবিনে পতিত হয়ে সেখানে উপুর হয়ে পড়ে আছেন। এখান থেকে উঠানোর দায়িত্ব সরকারের নয়।”
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত হরতাল-অবরোধর নাশকতার প্রতিবাদে সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া অনেক নাটক করেছে। এবার সালাহউদ্দিকে নিয়ে নতুন নাটক শুরু করেছে। কারো নামে বিবৃতি আসা বন্ধ হলে তিনি নিখোঁজ হতে পারেন না।
“এখন বরকতউল্লাহ বুলুর নামে বিবৃতি আসছে, তিনি যদি বিবৃতি দিতে অস্বীকার করে, তাহলে তিনিও কি নিখোঁজ হবেন। সুতরাং এটা নাটক ছাড়া আর কিছু না।”
‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বিষয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, তিনি তো অনেকদিন থেকেই আত্মগোপনে। সালাহউদ্দিনসহ যে সকল নেতাকর্মী আত্মগোপনে, তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয়, খালেদা জিয়ার।
তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়কে বিএনপির এক কেন্দ্রীয় নেতার নির্দেশে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। মামলাটি বিচারাধীন আছে বলে আমি তার নাম প্রকাশ করছি না। সেখানে তারেক রহমান ও খালেদা জিয়ার সমর্থন ছিল।
জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহনগর আওয়ামী লীগের সধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সাধারণ সম্পাদক এম এ করিম ও কার্যকরী পরিষদের সদস্য হেমায়েত ইসলাম বক্তব্য রাখেন।
