২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ কেন খুনিদের ভোট দেবে: হাসিনা

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের আন্দোলনে আগুন দিয়ে, বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনাগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের এই জঙ্গিবাদী তৎপরতাকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 08:18 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

নাশকতার বিরুদ্ধে জনগণ যেন রুখে দাঁড়ায়, সেজন্য জনমত গঠনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এর সঙ্গে জড়িতদের বিচারের কথাও বলেছেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলীয় প্রধান শেখ হাসিনা।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধে নাশকতাকে জঙ্গিবাদী কর্মকাণ্ড হিসেবে তুলে ধরে তিনি বলেন, “ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে উন্নয়ন ব্যাহত করা কার স্বার্থে?

“যে দল মানুষ পুড়িয়ে মারে, সে দলকে মানুষ ভোট দেবে কিভাবে? মানুষ কিভাবে সে দল করে?”

গত ৫ জানুয়ারিতে খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর গাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমায় দগ্ধ হয়ে শতাধিক মানুষ মারা গেছে।

শেখ হাসিনা বলেন, “জামাতে ইসলামীকে নিয়ে পাকিস্তানি বাহিনী যেভাবে মানুষ হত্যা করেছিল। ঠিক সেভাবে বিএনপি নেত্রী জামাতকে নিয়ে হত্যা করছে।

“বিএনপি নেত্রীর দিলে আছে পেয়ারে পাকিস্তান। উনার অন্তর ওখানেই পড়ে আছে। শরীরটা শুধু এখানে।”

নাশকতার মুখে বিএনপির দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসা প্রধানমন্ত্রী বলেন, “মানুষ ত্যক্ত-বিরক্ত হয়ে হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। কেউ তার (খালেদা জিয়া) হরতালও মানে না, অবরোধও মানে না। তাতেও বোধহয় তা বোধোদয় হয় না।”

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “উনি এখন ডাস্টবিনে পড়েছেন। রাজমাতা আর রাজপুত্রের কথা কেউ শোনে না। ছাত্রদল শোনে না, শিবির শোনে না।

“আপনার প্রেস কনফারেন্সে কেউ যায় না। মওদুদ আহমেদ তো বাইরে, তিনি যান নাই। আপনাদের সেনাপতি মাহবুবুর রহমানও যায় নাই।”

রাজপথে নেতা-কর্মীদের অনুপস্থিতি এবং এই আন্দোলনে বিদেশের কোনো সমর্থন দৃশ্যত না পাওয়ার মধ্যেও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা গত সপ্তাহে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। 

এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে আওয়ামী লীগ এবং সহযোগী সংঠনগুলোর সর্বস্তরের নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

“এরা তো জঙ্গি সংগঠন, এরা তো জঙ্গির দল। এদের স্থান তো বাংলাদেশে হতে পারে না। এর জন্য জনসচেতনতা সৃষ্টি করা দরকার।”

“যারা বোমা মারবে, যারা আগুন দেবে, যারা মানুষ হত্যা করবে- তাদেরকে ধরিয়ে দিন। স্থানীয় সকলের কাছে এই আবেদন। জঙ্গিবাদী কর্মকাণ্ডে যারা লিপ্ত, তাদের তাৎক্ষণিক ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।”

বিএনপি চেয়ারপারসনকে ‘ধ্বংসের রাণী ও জঙ্গি নেত্রী’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশ দক্ষিণপূর্ব এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। কোনো জঙ্গির স্থান বাংলাদেশে হবে না।”

নাশকতার বিচারের অঙ্গীকার স্মরণ করে তিনি বলেন, “যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের ক্ষমা বাংলাদেশে নাই। জঙ্গিবাদের শাস্তি যেভাবে হয়, ঠিক সেভাবে বাংলাদেশে জঙ্গিদের শাস্তি আমরা দেব।”

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাসদ সভাপতি হাসানুল হক ইনুও বক্তব্য রাখেন।

‘ছেলের জন্যই দরদ নাই’

ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর আদালতে হাজিরা এড়াতে তার চেহলামকে খালেদা জিয়া ব্যবহার করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

“উনার ছেলে মারা গেল। ছেলের লাশ আসবে, ছেলের জানাজা পড়বে। উনার হরতাল-অবরোধ আর ওঠে না। ছেলের জন্য কোনো দয়ামায়া আছে বলেও সন্দেহ হয়। আজ পর্যন্ত ছেলের কবরটা দেখতে যায় নাই। ছেলের জন্য যে একটু দোয়া-খায়ের করবে, সেটাও না।”

“যার নিজের ছেলের প্রতি দরদ নাই, তার দেশের মানুষের প্রতি দরদ থাকবে কিভাবে?”

“যেদিন কোর্টে হাজিরার দিন, সেদিন মনে পড়ল- ছেলের চল্লিশা করতে হবে। তাও ওই অফিসের মধ্যে বসে চল্লিশা। ছেলের জন্য না, ওনার যাতে কোর্টে যেতে না হয়, সেজন্য চল্লিশা। একটা অজুহাত।”

অবরোধ ডাকার পর গুলশানের কার্যালয়ে অবস্থানের মধ্যেই আরাফাতের লাশ আসে মালয়েশিয়া থেকে। কার্যালয়ে থেকেই ছেলেকে শেষ বিদায় জানান বিএনপি চেয়ারপারসন।  

অবরুদ্ধ অবস্থা উঠে গেলেও কার্যালয় ছাড়েননি খালেদা। এর মধ্যে দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।  

শেখ হাসিনা বলেন, “উনি কিছুই মানবেন না। কোর্ট-কাচারি মানবেন না। দিনের পর দিন মামলার তারিখের পরও উনি কোর্টে যাবেন না। তিনি কোর্টের আদেশ অবমাননা করে যাচ্ছেন।

“তার বিরুদ্ধে সমন জারি হয়েছে, ফেরারি আসামি ডিক্লেয়ার করা হয়েছে। তার তো উচিত দ্রুত কোর্টে গিয়ে স্যারেন্ডার করা। কেউ আইন-আদালত মানলে তোকে কোর্টে গিয়ে স্যারেন্ডার করতে হত।”

“চুরি করতে পারে, এতিমের টাকা মেরে খেতে পারে। আর ধরা যখন পড়ে যায়, তখন মামলা মোকাবেলা করতে পারে না,” বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

রাজনৈতিক সহিংসতা সৃষ্টি করে খালেদা জিয়া তার দুর্নীতির মামলা থেকে রেহাই পেতে এবং যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় বলেও তিনি মন্তব্য করেন।