২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে রুল

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তা জানাতে বলেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 04:16 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বৃহস্পতিবার এই রুল জারি করে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাব মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (বিশেষ শাখা), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং উত্তরা থানার ওসিকে রোববারের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।

রিট আবেদনে ২৪ ঘণ্টার মধ্যে সালাহ উদ্দিনকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়েছিলেন হাসিনা আহমেদ।

এ আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযাগ করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি স্বীকার করেনি।

রাজনৈতিক উত্তাপের মধ্যে গত জানুয়ারি মাসের শেষ দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর সালাহ উদ্দিনের নামে হরতালসহ নানা কর্মসূচির বিবৃতি গণমাধ্যমে আসছিল। তবে নিজের অবস্থান প্রকাশ করছিলেন না এই রাজনীতিক।

হাসিনা আহমেদের অভিযোগ, তিনি গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি।

আদালতে শুনানির পর খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যে কেউ’ সালাহ উদ্দিন আহমেদকে ‘গ্রেপ্তার বা আটক’ করে থাকুক, তাকে হাজির করতে আদালতে এই আবেদন করা হয়েছে।

“দীর্ঘ সময় আলোচনার পর আদালত রুল দিয়েছে। তাকে খুঁজে বের করে আদালতে হাজির করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই রুল দেওয়া হয়েছে। আর যদি তাদের কাছে থেকে থাকে তাহলে অন্তত পরিবারকে মানসিক কষ্ট থেকে রেহাই দিতে তারা স্বীকার করবেন।”

এই বিএনপি নেতা বলেন, “সারা দেশে গ্রেপ্তার চলছে, অপহরণ চলছে, সারা বাংলাদেশ একটা জেলখানায় পরিণত হয়েছে।”

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “হাই কোর্টের একটি বেঞ্চ রুল জারি করে বলেছেন, কেন তাকে খুঁজে বের করা হবে না এবং খুঁজে পেলে কেন তাকে আদালতের সামনে হাজির করা হবে না?

“রোববারের মধ্যে আদালতকে জানাব, তাকে পেতে আইন-শৃঙ্খলা বাহিনী কি কি পদক্ষেপ নিয়েছে, খুঁজে পেয়েছে কি-না।”

মাহবুবে আলম জানান, আদালতকে তিনি বলেছেন যে এটি ‘সাধারণ কোনো মানুষের’ নিখোঁজ হওয়ার ঘটনা না।

“উনি বহুদিন ধরেই অন্তরালে থেকে অজ্ঞাত স্থান থেকে ইমেইলের মাধ্যমে নানা রকম হরতালের ডাক দিয়ে যাচ্ছিলেন।

“এটা চিন্তার বিষয়। উনাকে সত্যিই কেউ অপহরণ করল? নাকি সরকারকে বিব্রত করতে উনি নিজেই আত্মগোপন করে আছেন? পুরো বিষয়টি খতিয়ে দেখতে আমি রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। কিন্তু বিএনপির আইনজীবীরা একটি রুলের জন্য খুব পীড়াপীড়ি করলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “এই রুলের মানে হলো- সরকারকে খুঁজে দেখার জন্য নির্দেশ দেওয়া এবং খুঁজে পেলে আদালতের সামনে হাজির করা।”

সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন।

দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্মমহাসচিব রিজভী গ্রেপ্তার হওয়ার পর মুখপাত্রের দায়িত্ব নিয়েছিলেন সালাহ উদ্দিন। সে সময়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুরনো খবর:

‘নিখোঁজ’ সালাহ উদ্দিনের স্ত্রীর জিডি ‘নেয়নি’ থানা
বিএনপি নেতা সালাহ উদ্দিন ‘আটক’
রিজভী না থাকায় দৃশ্যপটে আবার সালাহউদ্দিন
সালাহ উদ্দিনের সন্ধান চেয়ে হাই কোর্টে স্ত্রীর আবেদন