২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার উর্দুপ্রীতিই কারণ: হাছান

উর্দুভাষার প্রতি প্রীতির কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে যাচ্ছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 07:17 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

শুক্রবার এক আলোচনা সভায় ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান বলেন, “খালেদা জিয়ার ঘর থেকে বের হতে কোন বাধা নেই। তিনি মেট্রিক পরীক্ষায় বাংলায় ফেল করলেও উর্দুতে পাস করেছিলেন। তিনি নুরুল আমিনের মতো উর্দুতে বাংলা লেখার প্রচলন করতে চেয়েছিলেন। উর্দুপ্রীতির কারণে তিনি শহীদ মিনারে যাবেন না।”

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খালেদা জিয়া যে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না তা তার প্রেস সচিব মারুফ কামাল খানও নিশ্চিত করেছেন। তবে সকালে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেবে বলে জানিয়েছেন তিনি।

মারুফ কামাল খান কোনো কারণ না বললেও দলের একাধিক জ্যেষ্ঠ নেতা বলেছেন, বিএনপি চেয়ারপারসন প্রতি বছর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলেও এবার নিজের ডাকা অবরোধ কর্মসূচির কারণেই তার এ সিদ্ধান্ত।

গত ৫ জানুয়ারি নিজের কার্ালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে সারাদেশে লাগাতার অবরোধ ডাকার পর থেকে সেখানেই অবস্থান করছেন খালেদা জিয়া। পরে পুলিশি পাহারা সরিয়ে নেওয়া হলেও তিনি বাড়িতে যাননি। এই অবরোধের মধ্যেই ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন হরতাল দেওয়া হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, “দেশে হরতাল এখন একটি কৌতুকে পরিণত হয়েছে। এখন হরতাল মানেই গাড়ি চলবে, রাস্তায় জ্যাম থাকবে। মাঝে বিএনপি-জামায়াত দুই একটা পেট্রলবোমা মারবে, আর জনগণ এদের ধরে গণধোলাই দেবে।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য অভিনেতা গোলাম মোস্তফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য দেন।