২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিপরীতে সংলাপ নয়: ইমরান

বিএনপি জোটের ডাকা অবরোধে চলমান নাশকতা-সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 12:21 AM

Updated : 25 Apr 2022, 01:01 PM

শুক্রবার বিকালে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সবোর্চ্চ শাস্তির রায় কার্যকর করা দাবিতে রাজধানীতে এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

ইমরান বলেন, “সংলাপ একটি চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংলাপ থাকবে, সমস্যা থাকবে। সংলাপের মধ্যে দিয়ে সমাধান হবে। কিন্ত এখন যে সংকট, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করা- এই সন্ত্রাসের বিপরীতে কোনো সংলাপ হতে পারে না।

“চলমান এই সংকট কোনো প্রাকৃতিক বিষয় নয়। এটা তৈরি করা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের অগ্রযাত্রা ব্যাহত করতে।”

জামায়াত নিষিদ্ধ না করলে এই সংকটের সমাধান হবে না মন্তব্য করে তিনি বলেন, “আগে জামায়াতের ব্যাপারে সরকারসহ রাজনৈতিক দলগুলোরর সিদ্ধান্ত নিতে হবে। তারপর যদি গণতান্ত্রিক সংকট থেকে থাকে, তাহলে সমাধানের উদ্যাগ গ্রহণ করতে হবে।”

সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচির এই সমাবেশের আগে চলমান নাশকতায় নিহতদের স্মরণে মশাল মিছিল হয়।

সমাবেশে এক দল নাগরিকের পক্ষ থেকে বর্তমানে চলমান সংলাপের উদ্যোগের সমালোচনা করেন ইমরান।

তিনি বলেন, “সংলাপে যারা মদদ দিচ্ছে তারা নতুন কেউ নয়। তারা মুক্তিযুদ্ধকালীন সময় দেশের বিরোধিতা করেছিল, তারাই  বিবৃতি দিচ্ছেন। আবার বর্তমানে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এই  সহিংসতাকে আড়াল করে রাজনৈতিক হিসেবে চালিয়ে দেবার অপচেষ্টা করছে।

“সহিংসতা আর রাজনৈতিক সংকট তৈরি করে সংলাপ চাইবেন, সেটা সংলাপ হতে পারে না। সবার আগে সরকারকে তার সদিচ্ছা দিয়ে এই সন্ত্রাস দমনের ব্যাপার পদক্ষেপ নিতে হবে। তার আগে সন্ত্রাসের ব্যাপারে কোনো সংলাপ নয়।”