বিএনপিকে এলটিটিইর পরিণতি স্মরণ করালেন হানিফ
নাশকতার জন্য বিএনপি জোটকে দায়ী করে তাদের শ্রীলঙ্কার বিদ্রোহী সংগঠন এলটিটিইর পরিণতির কথা স্মরণ করিয়ে দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
বিএনপি জোটের আন্দোলনের দিকে ইঙ্গিত করে শুক্রবার নিজের জেলা কুষ্টিয়ায় দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “শ্রীলঙ্কাতে এক সময় এলটিটিই বড় সংগঠন ছিল। তারা দাবি আদায়ের জন্য সন্ত্রাসী ও মানুষ হত্যার পথ বেছে নিয়েছিল। সে কারণে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে।”
শ্রীলঙ্কার তামিলদের স্বাধীনতাকামী সংগঠন এলটিটিই এক সময় দেশটির উত্তরাঞ্চলের বড় এলাকা নিয়ন্ত্রণ করত। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানো মাহিন্দ রাজাপাকসে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর শক্ত হাতে তাদের দমন করেন।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত ২০ দল অবরোধের মধ্যে নাশকতার ঘটনাগুলো তুলে ধরে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, বিএনপি-জামায়াত জোট এখন জঙ্গিদের মতো তৎপরতা চালাচ্ছে।
হানিফ বলেন, “শ্রীলঙ্কাতে সরকারের সময় লেগেছে। বিএনপি-জামায়াত জোট, যাদের শতকরা ৩০ ভাগ ভোট আছে, লক্ষ লক্ষ কর্মী-সমর্থক আছে, তারা যদি জঙ্গিতে রূপ নেয়, তাহলে সেটাকে নির্মূল করতে সময় প্রয়োজন।”
নাশকতা বন্ধে সরকার পুরোপুরি সফল না হওয়ার প্রসঙ্গে এ কথা বলেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
“একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা একটি দল জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে, এটা ভাবনার ও চিন্তার বাইরে ছিল। একটা রাজনৈতিক দল দাবি আদায়ের জন্য রাজনৈতিক কলাকৌশল ব্যবহার করবে, কিন্তু মানুষ পুড়িয়ে দাবি আদায়, এটি কোন পথ হতে পারে না।”
সংলাপের বিষয়ে হানিফ বলেন, “কার সাথে সংলাপ হবে? আমাদের এখন সমস্যা হল, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে। সেটা দূর করতে হবে।
“বিএনপি বলছে, তারা পেট্রোল বোমা মারছে না। তাহলে তো তাদের সঙ্গে সংলাপ করে লাভ নেই। তারা যদি মানুষ হত্যার দায় স্বীকার করত, তাহলে তাদের সাথে সংলাপ করলে সমাধান করা যেত।”
কুষ্টিয়া শহরে নিজের বাসায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য হানিফ। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী সেখানে ছিলেন।
