জজ আদালতেও আরিফুলের জামিন নাকচ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নাকচ করে দিয়েছে হবিগঞ্জের জজ আদালত।
হাকিম আদালতে জামিন না পেয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতার আইনজীবীরা রোববার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।
প্রায় আধা ঘণ্টা শুনানি শেষে বিচারক মাহবুবুল আলম আদেশে বলেন, “সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মতো ব্যক্তিত্বকে হত্যার ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। এই আদালতের তিনজন আইনজীবীও ওই ঘটনায় আহত হয়েছেন। মামলার তদন্তে আসামি আরিফুল হক চৌধুরীর নাম এসেছে। তার জামিন নামঞ্জুর করা হল।”
এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল গত মাসে আরিফুলসহ ১১ জনের নাম যোগ করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দিলে বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপর বিএনপি নেতা আরিফুল গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান বিচারক রোকেয়া আক্তার।
কারাগারে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি মেয়রের পদ থেকে আরিফুলকে সাময়িক বরখাস্ত করে।
এ মামলার আরেক আসামি হবিগঞ্জের পৌর মেয়র গোলাম কিবরিয়া গউছের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ চারজন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
তিন দফা তদন্তের পর বর্তমানে এ হত্যা মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।
