আন্দোলনে অটল খালেদা
নাশকতার বিরুদ্ধে সরকারের কড়া হুঁশিয়ারির মধ্যেও অবরোধ চালিয়ে যেতে অনড় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অবরোধের দ্বাদশ দিন শনিবার গুলশানের কার্যালয়ে তার সঙ্গে দেখা করে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “তার মনোবল আগের চেয়ে অনেক দৃঢ়।
“উনার একটাই কথা- অবৈধ সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত খালেদাকে গত ৩ জানুয়ারি তার কার্যালয়ে অবরুদ্ধ করা হয়। ওই অবস্থায় ৫ জানুয়ারি বের হতে বাধা পেয়ে তিনি সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন।
অবরোধে গাড়িতে অগ্নিসংযোগে প্রাণহানি, বোমাবাজি ও ভাংচুর ঘটছে বিক্ষিপ্তভাবে, যা নিয়ে সরকার কড়াভাবে বিএনপিকে হুঁশিয়ার করে আসছে।
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তারের পর গুলশানে খালেদার কার্যালয়ে দলের কেন্দ্রীয় কোনো নেতাকে দেখা যায়নি সেভাবে।
এক সপ্তাহ পর স্থায়ী কমিটির তিন সদস্য মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার ও রফিকুল ইসলাম মিয়া তার সঙ্গে দেখা করে আসেন, শনিবার গেলেন এম কে আনোয়ার।
গত ৫ জানুয়ারি সর্বশেষ দেখা গিয়েছিল খালেদা জিয়াকে
অবরোধ দিয়ে আইজিপি ও র্যাবপ্রধানের বক্তব্যের দিকে ইঙ্গিত করে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আনোয়ার বলেন, “এটা খুবই দুঃখজনক যে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় ঊর্ধবতন কর্মকর্তা ইদানিং রাজনীতিবিদদের মতো কথা বলেছেন।
“প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, জনগণকে ভয়ভীতি প্রদর্শন করছেন, এটা কাম্য নয়। আমি তাদের বলব, রাজনীতি করার খায়েশ থাকলে উর্দি-পোশাক ছেড়ে জনগণের কাতারে এসে রাজনীতি করুন।”
আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে দলের কর্মসূচি আছে কি না- জানতে চাইলে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আপনারা জানেন দেশনেত্রীকে কিভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এরকম অবস্থায় কর্মসূচিও কার্যত অবরুদ্ধ।”
তবে ওই দিনে কিছু অনুষ্ঠান করা হবে বলে জানিয়ে তিনি বলেন, “যথাসময়ে তা জানানো হবে।”
