২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গল্পগুজবে, বই পড়ে সময় কাটছে খালেদার

১২ দিন আগে নিজের কার্যালয়ে এসে অবরুদ্ধ হয়ে পড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময় কাটছে সেখানে থাকা নেতা-কর্মীদের সঙ্গে গল্পগুজব আর বই পড়ে।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 07:48 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

খালেদা ‘নাটক’ করছেন: হাসিনা
টানা অবরোধের ডাক অবরুদ্ধ খালেদার
খালেদার ‘অন্যরকম’ শুক্রবার
কার্যালয়ে খালেদার এক সপ্তাহ
দোয়া চেয়েছেন খালেদা
বাসার খাবার খাচ্ছেন খালেদা
শ্বাস কষ্টে ভুগছেন খালেদা
এক কাপড়ে খালেদার একরাত একদিন

ফাঁকে ফাঁকে বিভিন্ন নেতাকে টেলিফোন করে আন্দোলনের খবরাখবরও তিনি নিচ্ছেন, পরিস্থিতি জানতে চোখ রাখছেন টেলিভিশনেও।

গত ৫ জানুয়ারি পুলিশের পেপার স্প্রের কারণে অসুস্থ হয়ে পড়া খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ হলে তার প্রেসসচিব মারুফ কামাল খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তার দুদিন আগে নিজের কার্যালয় থেকে বের হতে গিয়ে পুলিশের বাধা পান খালেদা। কার্যালয়ে তালা দিয়ে দেওয়ার পাশাপাশি বালুর ট্রাক, জলকামান রেখে সংলগ্ন সড়কগুলোও আটকে দেয় পুলিশ।

তালা খুলে দিয়ে বালুর ট্রাকগুলো সরানো হলেও জলকামান ও পুলিশের দুটি বড় লরি দিয়ে কার্যালয়ের ঢোকার পথ বন্ধ করে রাখা হয়েছে এখনও। সেখানে ঢুকতে গেলে পুলিশের অনুমতিও লাগছে।

খালেদা জিয়া চাইলেই বাড়ি যেতে পারেন বলে একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেও বিএনপি নেতারা বলছেন, তাদের নেত্রী এখনও অবরুদ্ধ অবস্থায়ই রয়েছেন।

কার্যালয়ের মধ্যে কিভাবে বিএনপি চেয়ারপারসনের দিন কাটছে- জানতে চাইলে মারুফ কামাল বলেন, “বুঝতেই পারেন- অবরুদ্ধ অবস্থায় দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতার কিভাবে দিন যায়।

“ঘুম থেকে উঠে নামাজ পড়েই ম্যাডাম প্রতিদিন অফিস কর্মকর্তদের মাধ্যমে আন্দোলনের খোঁজ-খবর নেন। মাঝে-মধ্যে সিনিয়র নেতাদের সঙ্গে মোবাইলে অল্প-স্বল্প কথাও বলেন।”

প্রতিদিনকার সংবাদপত্র পড়ার পাশাপাশি অবসর সময়ে তিনি কার্যালয়ে রাখা বিভিন্ন বই পড়ছেন বলে জানান প্রেসসচিব। এছাড়া সর্বশেষ খবর জানতে তিনি টেলিভিশনের সংবাদ দেখছেন। 

অবরুদ্ধ অবস্থায় গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধের ডাক দেন খালেদা। সেই কর্মসূচি এখনও চলছে।

৩ জানুয়ারি রাতে পুলিশ আটকে দেওয়ার পর সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়ি থেকে পোশাকসহ প্রাত্যহিক ব্যবহার্য জিনিসপত্র নিয়ে আসা হয়। 

কার্যালয়ের দোতলায় বিএনপি চেয়ারপারসনের নির্ধারিত চেম্বারে থাকছেন খালেদা। নেতা-নেত্রীদের সঙ্গে পাশের ‘সিটিং রুমে’ এসে সাক্ষাৎ দিচ্ছেন।

৫ জানুয়ারি নিচে নেমে লাগাতার অবরোধের ঘোষণা দেওয়ার পর আর নিচে নামেননি খালেদা। ফলে সাংবাদিকরা আর তার সাক্ষাৎ পাননি। ফাঁকে ফাঁকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে তার খবর জানাচ্ছেন প্রেসসচিব।

সত্তরোর্ধ্ব খালেদার জন্য পরিমিত মশলা দিয়ে তৈরি খাবার বেশিরভাগ সময় আসছে ধানমণ্ডির মাহবুব ভবন থেকে। ছেলে তারেক রহমানের শ্বশুরবাড়ি এটি।

তারেক স্ত্রী জোবাইদা রহমানের বড় বোনের ব্যবস্থাপনায় ওই বাড়ি থেকে প্রতিদিন সকালের নাস্তা ও খাবার পাঠানো হয় গুলশানের এই কার্যালয়ে। এছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বাসা থেকেও খাবার আসে।

মারুফ কামাল বলেন, “ম্যাডাম স্বল্প আহারী। তিনি সকালে নাস্তা ও রাতে খাবার খান। দুপুরে খাবার খান না, হালকা চা পান করেন দুপুরে।”

খালেদার সঙ্গে কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমীন ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ রয়েছেন।

সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের কয়েকজন নেত্রীও রয়েছেন সেখানে। সব মিলিয়ে কার্যালয়ে ৪০ জনের মতো ব্যক্তি রয়েছেন।

এসব নেতা-কর্মীদের খাবার হোটেল কিংবা নেতাদের বাসা থেকে আসছে। মাঝে মধ্যে মাহবুব ভবন থেকেও আসে প্যাকেটভর্তি রান্না করা খাবার।

নিচ তলায় চেয়ার জড়ো করে এবং মেঝেতে সময় কাটাচ্ছেন নেতা-কর্মীরা। শীতবস্ত্র বিতরণের জন্য আনা কম্বল মেঝেতে বিছিয়ে রাতে ঘুমাচ্ছেন তারা। তবে মশার উপদ্রবের কথা বললেন এদের কয়েকজন।

Image
মঙ্গলবারও ওই কার্যালয়ের সামনে পুলিশের এই রকম অবস্থান ছিল

মঙ্গলবারও ওই কার্যালয়ের সামনে পুলিশের এই রকম অবস্থান ছিল

কার্যালয়ের বাইরে মহিলা পুলিশের দল সারিবদ্ধভাবে ফটকে দাঁড়িয়ে আছে আগের মতোই। তাদের সামনে অস্ত্র হাতে রয়েছে পুলিশের পুরুষ সদস্য দল।

ভেতরে থাকা ব্যক্তিরা একই থাকলেও বাইরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পালাবদল হচ্ছে। পালাবদল করে সেখানে থাকছে সংবাদকর্মীরাও।

শুরুতে বেশ কড়াকড়ি থাকলেও গত কয়েকদিনে দলীয় নেতা ও আত্মীয়-স্বজনদের অনেকেই খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

রাবেয়া সিরাজের নেতৃত্বে মহিলা দলের একদল নেত্রী মঙ্গলবার দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন। সেজ বোন সেলিমা ইসলামও এদিন খালেদার সঙ্গে কিছু সময় কাটিয়ে আসেন।

রাতে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন এলাহী নেওয়াজ খান সাজু, কামরুল ইসলাম চৌধুরী, আবদুল আউয়াল ঠাকুর, মেজবাহ উদ্দিন আহমেদ, গাফফার মাহমুদ ও আমিরুল ইসলাম কাগজী।

কার্যালয় থেকে বেরিয়ে এসে কামাল উদ্দিন সবুজ সাংবাদিকদের বলেন, “পেপার স্প্রের প্রতিক্রিয়ায় অসুস্থ বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। তিনি এখন সুস্থ আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।”