কার্যালয়ে খালেদার এক সপ্তাহ
পুলিশি পাহারার মধ্যে গুলশানে নিজের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘অবরুদ্ধ’ অবস্থার এক সপ্তাহ পূর্ণ হল শনিবার।
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বছর পূর্তিতে কর্মসূচি ঘোষণার পর গত ৩ মার্চ শনিবার ওই কার্যালয়ে গিয়ে আটকা পড়েন খালেদা।
তখন থেকে কার্যালয়ের দোতলায় নিজের চেম্বার ও পাশের একটি কক্ষেই সীমাবদ্ধ তার চলাচল।
গুলশানের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর এই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তার ওপর আড়াআড়িভাবে রেখে দেওয়া হয়েছে পুলিশের লরি ও জল কামানের গাড়ি।
বিএনপি চেয়ারপারসন গত শনিবার রাতে এবং সোমবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে বেরোতে দেওয়া হয়নি।
সোমবার বিকালে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচিতে যোগ দিতে খালেদা জিয়া বেরোনোর প্রস্তুতি নিলে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।
এরপর তিনি নিজের নিশান পেট্রোল গাড়িতে উঠে বসলে মহিলা দলের নেত্রীরা ফটক খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করলে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে।
এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে ফটক থেকে তালাটি খুলে নেয় পুলিশ।
সোমবার কার্যালয় থেকে বেরোতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেওয়া খালেদা জিয়া ওই কার্যালয়েই আছেন, তবে আর নিচে নামেননি। কার্যালয় ঘিরে আগের মতোই রয়েছে পুলিশের অবস্থান।
খালেদার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পুলিশের সাবেক মহাপরির্দশক আবদুল কাইয়ুম, প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমিন ডিউ, নিরাপত্তা সমন্বয়করী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও সাবেক কয়েক নারী সাংসদ আছেন।
এছাড়া কার্যালয়ের কর্মী ও খালেদা জিয়ার নিরাপত্তা স্কোয়াডের সদস্যরা মোট ৪৩ জন এই কার্যালয়ে অবস্থান করছেন।
দুস্থদের মাঝে বিতরণের জন্য আনা শীতের কম্বল নিচের তলায় মেঝেতে বিছিয়ে সেখানে দলের নেতা, অফিস কর্মকর্তা ও কর্মীরা অবস্থান করছেন।
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বলেন, “চেয়ার বসেই চোখ বুজে ঘুমাতে হচ্ছে। এরই মধ্যে কাজ করছি।”
দোতলায় অবস্থানরত খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, “ম্যাডাম পেপার স্প্রের প্রতিক্রিয়ায় অসুস্থ। শ্বাসকষ্টটা এখনো আছে। চিকিৎসকদের পরামর্শে তিনি নেবুলাইজার নিচ্ছেন।
“তবে মানসিকভাবে ম্যাডামের মনোবল দৃঢ় আছে। সার্বক্ষণিক নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন। কর্মসূচির খোঁজ-খবর নিচ্ছেন। আমাদেরও নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন কাজের বিষয়ে।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে প্রতিদিনই বিদেশ থেকে অনেকে টেলিফোন করছেন বলে জানান তিনি।
কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান
পুলিশি ঘেরাওয়ের সপ্তম দিন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছেলে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানুর বাসা থেকে খালেদা জিয়ার জন্য নাস্তা আনা হয়েছে।
প্রতিদিনের খাবার এই বাসা থেকেই আসছে। তারেকের স্ত্রী ডা. জোবাইদার বড় বোন শাহিনা খান জামান বিন্দু নিজেই খাবার রান্না করে পাঠান বলে জানা গেছে।
খাবারের তালিকায় সকালের নাস্তায় থাকে পাউরুটি, আটার রুটি, কুসুমবিহীন ডিম ভাজি, সুজির হালুয়া, ফলের রস ও দই। খালেদা জিয়া সাধারণত দুপুরের খাবার খান না। রাতের খাবারের তালিকায় থাকে সাদা নরম ভাত, মুরগি বা মাছের ঝোল, ফুল কফি বা শিম ভাজি, মুরগির সুপ ইত্যাদি।
গত সোমবার পুলিশ কার্যালয়ের ভিতরে পেপার স্প্রে ব্যবহার করার পর অসুস্থতা থেকে খালেদা জিয়ার খাবার রুচি কমে গেছে বলে তার প্রেস সচিব মারুফ কামাল জানিয়েছেন।
“সেজন্য বেগম জিয়ার খাবার রন্ধনে বিশেষ যত্ন নেয়া হচ্ছে,” বলেছেন তিনি।
প্রথম দিকে দুই দিন খালেদা জিয়ার গুলশানের বাসা থেকেই সকালের নাস্তা আনা হয়েছিল।
গত ৫ জানুয়ারি সর্বশেষ কার্যালয়ের নিচে নেমেছিলেন তিনি
কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়াকে সঙ্গ দিতে এই সাত দিনে তার সেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু ও তার স্বামী অবসরপ্রাপ্ত কমোডর শফিক-উজ জামান এসেছিলেন।
শনিবার দুপুরে নূরে আরা সাফাসহ মহিলা দলের কয়েক নেত্রী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব এস এম আবদুল হালিমের নেতৃত্বে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের একটি দল রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হালিম বেরিয়ে সাংবাদিকদের বলেন, “দেশনেত্রীর অবস্থার খোঁজ-খবর নিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে, উনি আগের চেয়ে বেটার ফিল করছেন।”
গত কয়েক দিনে খালেদার সঙ্গে দেখা করেন বিএনপি সমর্থক সাংবাদিক, আইনজীবী ও শিক্ষক নেতারাও।
গত শনিবার রাতে গুলশানের বাসা থেকে হালকা খয়েরি রঙের শিফন শাড়ি পরে এই কার্যালয়ের আসেন খালেদা জিয়া। ওই শাড়িতেই তাকে একদিন কাটাতে হয়।
শনিবার রাতেই খালেদার গুলশানের বাসা থেকে একটি খাট ও মাদুর আনা হলেও তা চেম্বারের পাশের কক্ষে পাতানো হয় পরদিন দুপুরে। ফলে প্রথম দিন নিজের চেম্বারে চেয়ারে হেলান দিয়ে বিশ্রাম নেন তিনি।
