২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি ‘অন’: খালেদা

পুলিশের ব্যাপক উপস্থিতিতে নিজ কার্যালয়ে কার্যত অবরুদ্ধ খালেদা জিয়া বলেছেন, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তারা কর্মসূচি পালনে অনড়। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 12:26 AM

Updated : 25 Apr 2022, 12:51 PM

রোববার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,  “আমাদের কর্মসূচি ‘অন’ আছে। এই অবৈধ সরকার একদম দেশবাসী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশকে আজকে তারা অবরুদ্ধ করে ফেলেছে। আমি শুধু অবরুদ্ধ নই; দেশ অবরুদ্ধ।”

সরকার জনপ্রিয় হলে এমনটা করতো না বলেও জানান তিনি।

খালেদা বলেন, “তাদের ভয়টা হচ্ছে, আমার সঙ্গে জনগণ আছে। জনগণ আমাদের সমাবেশে উপস্থিত হবে এই ভয়ে তারা আমাদের সমাবেশটা করতে দেয়নি।”

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সেদিন সারাদেশে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে। 

ঢাকায় বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের ঘোষণা দিলে রাজনৈতিক উত্তাপের মধ্যে পুলিশ সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সমাবেশ করতে না দিলে পরবর্তী ৪৮ ঘণ্টা হরতাল দেওয়া হতে পারে।

বিএনপি চেয়ারপারসনের কাছে জানতে চাওয়া হয়েছিল ‘সরকারি ব্যবস্থার’ পরও তাদের সমাবেশে লোকসমাগম হবে কি না, তারা রাস্তায় নামতে পারবেন কি না। 

জবাবে তিনি বলেন,  “রাস্তায় তো আমাদের ছেলেপেলেরা আছে। তারা মার খাচ্ছে। আমাদের ১৬ জন মহিলা এসেছিল আমার সঙ্গে দেখা করতে। সেই মহিলাদেরকে ছাত্রলীগ নির্মমভাবে পিটিয়েছে। ওই মহিলাদের অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। এটা কোন দেশে আমরা বাস করছি। আওয়ামী লীগ এখন ছাত্রলীগকে নামিয়েছে, গুণ্ডাবাহিনী এরা, গুণ্ডালীগ হয়ে গেছে।”

অবরুদ্ধ করে রাখা হলেও তিনি বের হওয়ার চেষ্টা করবেন বলে জানান খালেদা ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বের হওয়ার চেষ্টা করবো। গতবারও আমি চেষ্টা করেছি, আপনাদের মনে আছে। ২৯ শে ডিসেম্বর। সেবারও দেয়নি। এখন তারা পুলিশ টুলিশ বাড়িয়ে দিয়েছে।”

“আমরা কর্মসূচি দিয়েছি, সেটা হচ্ছে শান্তিপূর্ণ সমাবেশ। সেটা হবে পাঁচ তারিখ। সেটা তারা দেখতে পারতো। যদি সেখানে কোনো গন্ডোগোল হতো তাহলে সরকার বলতে পারতো। বরং সরকারই কালকে রাত থেকে আমাদেরকে অবরুদ্ধ করে, ধরপাকড় করে….. আমাদের বহু লোককে, প্রায় হাজার দেড়েক লোককে অ্যারেস্ট করেছে। সারা দেশ বিচ্ছিন্ন করে দিয়েছে। এটার অর্থটা কি আমাকে বলেন?”

“সরকার আজকে এতোটাই ব্যর্থ হয়েছে, এতোটাই ভীত হয়েছে, জনবিচ্ছিন্ন হয়েছে, যার জন্য আজকে তারা নিজেরাই দেশকে অবরুদ্ধ করে ফেলেছে।”

পুরনো খবর:

এক কাপড়ে খালেদার একরাত একদিন
রাজপথে নামবেন খালেদা