২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ‘অন্যরকম’ শুক্রবার

শুক্রবার ছুটির দিনটি অন্যরকম কাটলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

গুলশানের ‘অবরুদ্ধ’ কার্যালয়ে তার ছুটির দিনের স্বাভাবিক রুটিনে ছন্দপতন ঘটেছে।

এই দিনে সাধারণত গুলশানের বাসায় থাকেন তিনি; বিকালে বাগানে একটু হাঁটাচলা করেন। কিন্তু শুক্রবার কার্যালয়ের দোতলায় নিজের চেম্বারেই সময় কেটেছে তার।

সন্ধ্যায় মেজ বোন সেলিমা ইসলাম এলে তাকে নিয়ে নৈশভোজ সেরেছেন খালেদা জিয়া। সঙ্গে থাকা নেত্রীদের সঙ্গেও সময় কাটান তিনি।

এছাড়া মোবাইল টেলিফোনে কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গেও কথা বলেছেন।

গত শনিবার রাত থেকে কার্যত অবরুদ্ধ এই কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন মহিলা নেত্রী।

এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা পুলিশের সাবেক মহাপরির্দশক আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও রয়েছেন।

শুক্রবারের তিন বেলার খাবার পাঠিয়েছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবালমান্দ বানু।

সকালের নাস্তায় ছিল আটার রুটি, সুজির হালুয়া, ফলের রস ও দই। রাতের খাবারে ছিল সাদা ভাত, মুরগির মাংসের ঝোল ও ফুলকপি ভাজি।

সন্ধ্যায় বাংলাদেশ উইম্যান জার্নালিস্ট ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রোজি ফেরদৌসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল পুলিশের অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

২৫ মিনিট পর কার্যালয় থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের রোজি ফেরদৌস বলেন, “পুলিশের ছোড়া পেপার স্প্রের প্রতিক্রিয়ায় অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম। দেশনেত্রীর সঙ্গে কথা-বার্তা বলে মনে হয়েছে, আগের চেয়ে অবস্থা অনেকটা উন্নতির দিকে। তবে শ্বাসকষ্ট রয়েছে।

“তিনি আমাদের মাধ্যমে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।”

প্রতিনিধি দলে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আহমেদ ও কমিটির সদস্য তারিন তাসনিম।

এদিকে আগের মতোই গুলশানের কার্যালয়ে সামনে পুলিশের উপস্থিতি রয়েছে। ৮৬ নং সড়কের এই বাসার সামনের রাস্তার দুপাশে পুলিশের দুটি লরি ও একটি জল কামানের গাড়ি আড়াআড়িভাবে রাখা হয়েছে।

গত শনিবার রাত ১১টা থেকে গুলশানের কার্যালয় ঘিরে পুলিশের বেষ্টনি রয়েছে। অনুমতি ছাড়া কেউ কার্যালয়ে প্রবেশ করতে পাচ্ছে না।

তবে কার্যালয়ের গেইটের বাইরের দিকে পুলিশের লাগানো তালা বৃহস্পতিবার দুপুরে খুলে দেওয়া হয়েছে।

গেইটের সামনে মহিলা পুলিশের দল আগের মতো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দুপাশে আছে অস্ত্র হাতে পুলিশের দল।