বিএনপির নরম সুর
সরকার সংলাপ ডাকলে অবরোধ তুলে নেওয়া হবে- একথা জানানোর ২৪ ঘণ্টার মধ্যে এখন সমাবেশের অনুমতি পেলেই কর্মসূচি প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে বিএনপি।
সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ যখন ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ করার সমালোচনা করেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, ঢাকায় জনসভার অনুমতি দিলে কি বিএনপি অবরোধ প্রত্যাহার করবে?
“এটি ২০ দলীয় জোটের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবেন,” উত্তরে বলেন হাফিজউদ্দিন।
তবে একইসঙ্গে তিনি বলেন, শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও মানসিকভাবে মনোবল দৃঢ় রয়েছে খালেদার।
“তিনি দেশবাসীকে জানাতে বলেছেন, অবরোধ চলবে। যতদিন না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আন্দোলন সংগ্রামে ২০ দল থাকবে।”
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে খালেদা জিয়াকে ‘সন্ত্রাস আর জঙ্গির নেত্রী’ আখ্যায়িত করে অবরোধ ঠেকাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার কয়েক ঘণ্টার মধ্যে সাংবাদিকদের কাছে বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে বিএনপি নেতা হাফিজ বলেন, “প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা ও আওয়ামী লীগের মতো একটি বড় দলের সভানেত্রী, আমাদের সকলের সম্মানের পাত্রী। আমরা আশা করব, তিনি দেশে আর আগুন জ্বালাবেন না।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপির চেয়ারপাসন খালেদা গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ থাকা অবস্থায় গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডাকেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এবার আন্দোলনের মাঠ না ছাড়ার ঘোষণাও এসেছিল বিএনপি নেতাদের মুখ থেকে। অবরুদ্ধ অবস্থা থেকে বিভিন্ন মাধ্যমে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আসছিলেন খালেদাও।
এর মধ্যে রোববার রাতে প্রথম দলের নীতি-নির্ধারণী ফোরামের তিন সদস্য বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন। এরপর বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকার সংলাপ ডাকলে কর্মসূচি প্রত্যাহার করা হবে।
এটা রোববারের ছবি, খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি ঘেরাও এখনও আগের মতোই
তার একদিন বাদে পুলিশি ঘেরাওয়ের মধ্যে থাকা খালেদার সঙ্গে দেখা করতে যান ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন, যিনি আট বছর আগে জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে পরিচিত হয়ে বিএনপিকর্মীদের রোষের মুখে পড়েছিলেন।
৫ জানুয়ারি বিএনপির জনসভা করতে চাইলে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। এর পুলিশ বিএনপিকে অনুমতি না দেওয়ার পাশাপাশি সভা-সমাবেশেই নিষেধাজ্ঞা দেয়।
তার এক সপ্তাহ বাদে সোমবার ঢাকায় আওয়ামী লীগকে সমাবেশ করতে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ, যার সমালোচনা করছেন বিএনপি নেতারা।
হাফিজউদ্দিন বলেন, “ঢাকায় আমাদের সমাবেশ করতে দেওয়া হল না। আর আজ (সোমবার) আওয়ামী লীগ সমাবেশ করেছে। এটা কোন ধরনের গণতন্ত্র?”
দলীয় চেয়ারপারসনের ৭ দফা প্রস্তাব জানানোর কথা তুলে ধরে তিনি বলেন, তার আশা করলেও প্রধানমন্ত্রীর বক্তব্যে সে বিষয়ে কোনো কথা না থাকায় বিএনপি হতাশ হয়েছে।
দশম সংসদ নির্বাচন বয়কটের পর বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে এলেও পাঁচ বছরের মেয়াদ শেষের আগে ক্ষমতা ছাড়তে নারাজ আওয়ামী লীগ নেতারা।
“সরকারকে বলব, আজ দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। এখনও সময় আছে, আলাপ-আলোচনার মাধ্যমে সঙ্কটের সমাধান করুন,” আহ্বান জানিয়ে হাফিজউদ্দিন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিতে সহায়ক ভূমিকা পালন করবেন।
বর্তমান সঙ্কটের জন্য আওয়ামী লীগের ‘একগুয়েমি’ মনোভাবকে দায়ী করেন তিনি বলেন, “এখন দেশে যেসব ঘটনা ঘটছে, এর জন্য বর্তমান সরকারের অনমনীয় মনোভাব ও কয়েকজন মন্ত্রীর বেসামাল কথা-বার্তাই দায়ী। তারা তাদের নেতা-কর্মীদের বিএনপির নেতা-কর্মীদের ওপর আক্রমণের জন্য উস্কে দিচ্ছে।”
হাফিজউদ্দিন আহমেদ (ফাইল ছবি)
খালেদা জিয়াকে জঙ্গিদের নেত্রী বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে হাফিজউদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া তিন তিন বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আবার নির্বাচন হলে তিনিই প্রধানমন্ত্রী হবেন।
“বিএনপির সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই। গতকাল গুলিস্তানে আওয়ামী লীগের অফিসের সামনে বোমা হামলায় ছাত্রলীগের একজন ধরা পড়েছে- যা আজকের পত্র-পত্রিকায় এসেছে। তাদের এ ধরনের হামলার দায়ভার বিএনপি নিতে পারে না।”
পুলিশি অবস্থান, জলকামান ও লরি দিয়ে ঘেরা গুলশানের ৮৬ নম্বর সড়কের কার্যালয়ে খালেদার অবস্থানের দশম দিনে রাত ৯টার দিকে দেখা করতে যান হাফিজউদ্দিন। তার আগে ফরিদা ইয়াসমিন, নিলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরাসহ দুই দফায় ১০/১২ জন মহিলা দল নেত্রী কার্যালয়ে ঢোকেন।
বিএনপি চেয়ারপাসনের কার্যালয় থেকে ব্যারিকেড তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান দলের ভাইস চেয়ারম্যান হাফিজ।
খালেদা ‘অবরুদ্ধ নন’ বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “এটা শুনে দেশের প্রতিটি লোক মনে ব্যথা পেয়েছে। এত উচ্চ পদ প্রধানমন্ত্রী চেয়ার থেকে আমরা অসত্য ভাষণ আশা করি না। বেগম জিয়া যদি মুক্তই থাকতেন, তাহলে এখানে এত পুলিশ কেন?”
গত কয়েকদিনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের নিন্দাও জানান হাফিজউদ্দিন।
“এভাবে গ্রেপ্তার করে, হামলা-মামলা করে কেউ অতীতে টিকে থাকতে পারেনি, উনারাও পারবেন না,” সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
