অবরোধ স্থগিত হয়নি: বিএনপি
অবরোধ কর্মসূচি স্থগিত করা হচ্ছে বলে সরকার ‘অপপ্রচার’ চালাচ্ছে দাবি করে তাতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
ইজতেমার কারণে অবরোধ স্থগিত হচ্ছে বলে গুঞ্জনের মধ্যে বুধবার গভীর রাতে বিএনপির প্যাডে পাঠানো দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
এর আগে বিকালে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীও বলেছিলেন, বিরোদী দলের টানা অবরোধ চলবে।
বিবৃতিতে সালাহউদ্দিন বলেন, “দুঃশাসনের অবসান ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান সর্বাত্মক অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চালিযে যাওয়ার জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অবরুদ্ধ দেশনেত্রী খালেদা জিয়া।
“অবরোধ কর্মসূচি স্থগিত করা হচ্ছে- এই মর্মে বিভিন্ন সরকারি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আমি দেশনেত্রীর পক্ষে বিএনপিসহ জোটের সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি।”
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে বাধা পাওয়ার পর খালেদা জিয়া দেশজুড়ে টানা অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।
৫ জানুয়ারি সংঘাতে চারজন নিহত হওয়ার পর অবরোধের মধ্যে বুধবার নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন দুজন।
বিবৃতিতে সালাহউদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া চলমান আন্দোলনে যারা সরকারি পেটোয়া বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন, তাদের আত্মর মাগফেরাত কামনা করে নির্যাতিত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।”
অবরোধে দূর পাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল করছে। রাজধানীসহ বিভিন্ন শহরের ভেতরেও গাড়ি চলাচল দেখা যাচ্ছে।
টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর আগে বিএনপির ডাকা এই অবরোধে বিপাকে পড়েছেন মুসল্লিরা। লাখ লাখ মানুষ সারাদেশ থেকে ইজতেমায় অংশ নিয়ে থাকে।
বিএনপি চেয়ারপারসন খালেদা এখনও তার গুলশানের কার্যালয়ে রয়েছেন। ওই কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।
নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে পুলিশের লাগানো তালা ঝুলছে। ওই কার্যালয় থেকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বুধবার ভোররাতেই গোপনে হাসপাতাল ছাড়েন রিজভী।
এরপর বিকালে গুলশানের একটি বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, “পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।”
সোমবার খালেদা জিয়াকে কার্যালয়ে থেকে বের হতে বাধা দেওয়ার সময় পুলিশ খালেদা জিয়াকে লক্ষ্য করেই পেপার স্প্রে ছুড়েছিল বলে দাবি করেন রিজভী।
“সরকার দেশনেত্রীকে শ্বাসরোধে হত্যার অপচেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পেপার স্প্রে নিক্ষেপ করেছিল। এই বিষাক্ত পেপার স্প্রের পর থেকে তিনি অসুস্থ।”
সেদিন খালেদার সঙ্গে থাকা মহিলা দলের নেত্রীদের দিকে পেপার স্প্রে ছুড়েছিল, যার প্রভাবে খালেদাও অসুস্থ হয়ে পড়েন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
গুলশানের কার্যালয়ে অবস্থানরত খালেদাকে ইতোমধ্যে চিকিৎসকরা দেখে এসেছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছেন বলে মঙ্গলবার তার প্রেসসচিব মারুখ কামাল খান সাংবাদিকদের জানান।
