২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের উত্তাপ নেই চট্টগ্রামে

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও চট্টগ্রামের পরিস্থিতি প্রায় স্বাভাবিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 12:09 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

বুধবার চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস চলাচল কম থাকলেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক আছে।

বিএনপির ডাকা অন্যান্য কর্মসূচিতে দলীয় কার্যালয়ে সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেলেও বুধবার বেলা ১২টা পর্যন্ত কোনো নেতার দেখা মেলেনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নগরী ও জেলার কোথাও অবরোধের সমর্থনে কোনো ধরনের তৎপরতার খবর পাওয়া যায়নি।

নগরীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাজকর্ম স্বাভাবিক রয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে নগরীর কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

“বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও কার্ভাডভ্যান নগরীতে প্রবেশ করছে এবং বাইরেও যাচ্ছে।”

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও কোথাও কোনো ধরনের পিকেটিং বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

মহাসড়ক পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, রাতে পুলিশ পাহারায় যান চলাচল করলেও সকালে পণ্যবাহী যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তবে যাত্রীবাহী বড় বাস চলাচল কম বলে জানান তিনি।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও যাত্রীবাহী যানবাহন চলাচল কম থাকলেও ছোট ও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক বলে জানান মহাসড়ক পুলিশের দোহাজারি ফাঁড়ির পরিদর্শক এ কে এম কাউছার চৌধুরী।  

এছাড়া চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগও স্বাভাবিক আছে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেনগুলো ঠিক সময়ে চট্টগ্রাম এসে পৌঁছেছে ও চট্টগ্রাম থেকে ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে।

বিভিন্ন রুটের রেল পথে কোন ধরনের বিশৃঙ্খলা বা পিকেটিং নেই বলেও জানান ওসি হিমাংশু।