২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশঙ্কার মধ্যেই ব্যস্ত রাজধানী

বিএনপির লাগাতার অবরোধের দ্বিতীয় দিন সকালেও রাজধানীতে অনেকটা স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন, সড়কে কর্মস্থলগামী মানুষের ব্যস্ততা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 10:24 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

অবরোধের প্রথম দিনে রাজধানীতে ছয়টি গাড়িতে আগুন দেওয়া হলেও বুধবার সকাল থেকেই সড়কে গণপরিবহনের পাশাপাশি প্রাইভেটকার চলতে দেখা গেছে। সকালে রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকার প্রায় প্রতিটি থানার ওসি পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা জানিয়েছেন।

বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।

মঙ্গলবার অবরোধের প্রথম দিন রাজধানীতে সকালের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও দুপুর থেকে সন্ধ্যা নাগাদ ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়।

দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার নাইটকোচ সকালে ঢাকায় পৌঁছালেও সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আবদুল হক জানান, চট্টগ্রাম থেকে তাদের সাতটি বাস সকালে ঢাকা পৌঁছেছে। আর রাতে ছেড়ে গেছে দুটি।

যাত্রী না পাওয়ায় রাতে এই কোম্পানির সিলেটগামী কোনো বাস ঢাকা ছাড়েনি। তবে সিলেট থেকে সকালে ৫টি বাস ঢাকা এসেছে।

আর শ্যামলী পরিবহনের সাতটি বাস রাতে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে কোম্পানির মহাব্যবস্থাপক মো. সেলিম জানিয়েছেন।

সকালে গাবতলী, সায়েদাবাদসহ ঢাকার কোনো প্রবেশপথেই দূরপাল্লার বাস চোখে পড়েনি।

যত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর কর বলেন, চট্টগ্রামগামী বাসের দেখা না মিললেও কুমিল্লা, চাঁদপুর, দাউদকান্দির মতো স্বল্প দূরত্বের বাস চলছে।     

দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলামও গাবতলী বাস টার্মিনালের একই অবস্থার কথা জানিয়েছেন।

অবরোধে সড়ক যোগাযোগ ব্যাহত হলেও নৌ ও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. সোলায়মান জানান, সকালে সদরঘাট থেকে হুলারহাট, লালমোহনসহ বিভিন্ন রুটের চারটি লঞ্চ ছেড়ে গেছে। আর যাত্রী নিয়ে সকালে ঘাটে ভিড়েছে ৩৮টি লঞ্চ।

আর কমলাপুর থেকে সব পথে ট্রেন চলছে বলে রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানিয়েছেন।

গত সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত শনিবার রাত থেকে গুলশানে নিজের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ অবস্থায় আছেন বিএনপিনেত্রী।