২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা: অবরোধে আটকা বিদেশি মুসল্লি

অবরোধের কারণে পরিবহন সংকটে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দেড় হাজার বিদেশি মুসল্লি বেনাপোলে আটকা পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 09:00 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

বুধবার রাতে ১৫টি বাস রিজার্ভ করে অর্ধেক মুসল্লিকে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা স্থলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে।

প্রথম দফায় শুক্রবার থেকে বিশ্ব ইজতেমা শুরু হয়ে রোববার পর্যন্ত চলবে।

সড়ক-মহাসড়কে নাশকতার আশঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বেনাপোল থেকে ঢাকামুখী ভারত ফেরত পাসপোর্ট যাত্রী ও তাবলীগ জামাতের বিদেশি মুসল্লিরা।

ঢাকা মারকাস মসজিদের তাবলিক জামাতের আমির কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে তিনশ মেহমানকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ঈগল পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক এম আর রহমান জানান, গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগের ভয়ে নিরাপত্তাহীনতায় গাড়ি চলাচল বন্ধ রাখলেও ইজতেমায় আসা মেহমানদের দুর্দশার কথা বিবেচনা করে বুধবার রাতে ঈগল পরিবহনের ছয়টি, হানিফ পরিবহনের তিনটি, সোহাগ পরিবহনের দুটি, এসপি লাইনের একটি এবং লোকাল তিটি বাস বিশেষ ব্যবস্থায় ইজতেমামুখী মুসল্লিদের নিয়ে রওনা হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আখতার হোসেন বলেন, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এক হাজার ৯৮০ জন পাসপোর্ট যাত্রী বাংলাদেশে এসেছেন। এর মধ্যে ভারতীয় এক হাজার ৭৫ জন। অন্যান্য দেশের ৪৭ জন।

মঙ্গলবারও সমসংখ্যক যাত্রী বাংলাদেশে এসেছেন জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে অর্ধেকই বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছেন।

মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশিদের জন্য বেনাপোল চেকপোস্টের বাগ-এ-জান্নাত কওমী মাদ্রাসায় স্থানীয়ভাবে খোলা হয়েছে ‘ইজতেমা ক্যাম্প।’

ওই মাদ্রাসার সভাপতি নজরুল ইসলাম জানান, সারাদেশে অবরোধ চলায় পরিবহন সংকটে বেনাপোলে আটকা পড়েছেন দেড় হাজার মেহমান। তাদের কাটছে দুর্বিসহ দিন। বিশেষ ব্যবস্থায়  রাতে ১৫টি বাস রিজার্ভ করে তাদেরকে ইজতেমা ময়দানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ঢাকা মারকাস মসজিদের তাবলিক জামাতের আমির কামাল হোসেনের নেতৃত্বে স্থানীয় একটি টিম বেনাপোলে আগত মেহমানদেরকে তদারকির দায়িত্ব পালন করছেন।

এই টিমের সদস্য ঢাকার সাদরুল আলম বলেন, গত এক সপ্তাহ ধরে মালায়েশিয়া, ইন্দোনেশিয়া, ইয়ামেন, সৌদি আরব, থাইল্যান্ড ও ভারত থেকে আসা তাবলিকের তিন হাজার মুসল্লিকে ঢাকায় পাঠানো হয়েছে।

সময় ঘনিয়ে আসায় ভারতীয় মুসল্লিদের চাপ বাড়ছে। স্থানীয়দের সহযোগিতায় চেকপোস্টে শুল্ক ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্যাম্পে তাদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

ভারতের মাদ্রাজ থেকে আসা আব্দুর রশিদ বলেন, “অবরোধের কারণে দুদিন ধরে এখানে পড়ে আছি। আমাদের নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। আমরা নিরাপদে গন্তব্যে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায়তা করবেন, ইনশাল্লাহ।”