নতুন বছরে দুর্ঘটনা কমানোই অগ্রাধিকার: কাদের
নতুন বছরে সড়ক দুর্ঘটনাকে কমিয়ে আনার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, “দুর্ঘটনা কমানো হবে আমাদের নতুন বছরের প্রথম অগ্রাধিকার।
“প্রকল্পের মাধ্যমে ১৬৫ কোটি টাকা ব্যয়ে দেশের ১৪৪টি দুর্ঘটনার জন্য ‘ব্ল্যাক স্পট’ হিসেবে চিহ্নিত স্থানগুলো ঝুঁকিমুক্ত করা হবে।”
দুর্নীতির ব্যাপারে কোন আপোষ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “দুর্নীতি ৫ থেকে ৭ ভাগে কমিয়ে আনবো আমরা। আমি বলি-করবো না মোরা দুর্নীতি/সুফল পাবে দেশ-জাতি।”
ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমনসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে গত বছরের মত এ বছরেও অব্যাহত থাকবে বলে জানান সড়কমন্ত্রী।
তিনি বলেন, “সড়কের রাস্তা উদ্ধার অভিযানও অব্যাহত থাকবে। এ বিষয়গুলো আমাদের অগ্রাধিকার। কাজের মান ভালো করবো, এটা আমাদের নতুন বছরের অঙ্গীকার।”
ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহে সড়ক চার লেনের কাজ এ বছর শেষ হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী বলেন, “আগামী মার্চে পদ্মা সেতুর টেস্ট পাইলিংয়েরও কাজ শুরু হবে।”
পদ্মা সেতু নির্মাণ ও নদী শাসনে এ বছরেই দুটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সরকার। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে ইতোমধ্যে প্রকল্প এলাকায় কাজ শুরু হয়েছে ।
এ বছর মেট্রোরেলের দরপত্র হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এ প্রকল্পের কাজ চলতি বছরই শুরু হয়ে শেষ হবে ২০১৯ সালে। আগামী জুনের মধ্যে কর্ণফুলী টানেল নির্মাণের প্রস্তুতিমূলক কাজ শেষ হবে।”
রূপগঞ্জের ভুলতায় একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এজন্য একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। জাইকার অর্থায়নে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর কাজ বছরের শেষে শুরু হবে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের বলেন, “এখানে শুধু কথাই হয় না, কাজও হয়। সব কাজে আমরা সফল হয়েছি এমনও নয়। আমরা সমালোচনা মেনে নিতে পারি।”
এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
