বিএনপি দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়: তোফায়েল
বর্তমান সরকারকে ‘অনির্বাচিত’ ও ‘অবৈধ’ আখ্যায়িত করে বিএনপি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার ভোলার বোরহানউদ্দিনে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তোফায়েল বলেন, “তারা (বিএনপি) বৈধ সরকারকে অনির্বাচিত ও অবৈধ সরকার বলছে, কারণ তারা সংবিধান বিশ্বাস করে না। এই রাজনৈতিক দলটি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।”
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, বিশ্বের পার্লামেন্টের সদস্যরা ভোট দিয়ে বর্তমান জাতীয় সংসদের স্পিকারকে পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই এই সংসদ ও সরকারের বৈধতা নিয়ে আর প্রশ্ন থাকতে পারে না।
বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে উল্লেখ করে তিনি বলেন,, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০দিন আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “যারা এতিমের টাকা আত্মসাত করে তারা কীভাবে রাষ্ট্রপরিচালনা করবে?”
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন।
