‘তাহলে আ. লীগ স্বৈরাচার?’
আওয়ামী লীগকে স্বৈরাচারী দল আখ্যায়িত করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, তারাই স্বৈরাচারের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় এসেছিল, সন্ত্রাসী সংগঠনকে সঙ্গে নিয়েছিল।
রোববার এক আলোচনায় প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয়ের এক বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
জয়কে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “অতি সম্প্রতি একজন নবীন নেতা, যার দলে কোনও পদ আছে কিনা জানি না, তিনি বলেছেন- বিএনপি রাজাকারের দল। রাজাকারের সঙ্গে জোট হয়েছে বলে সেজন্য রাজাকারের দল।
“এখন যেকোনও মানুষই প্রশ্ন করতে পারে, আওয়ামী লীগ স্বৈরাচার সঙ্গে জোট বেঁধেছে, একাত্তরে তাদের ভাষায় জাসদ সন্ত্রাসী দল ছিল, তাদের সঙ্গে ঐক্য করেছে। তাহলে আওয়ামী লীগ স্বৈরাচারের দল?”
সোমবার জাতীয় প্রেস ক্লাব সম্মেলন কক্ষে পেশাগত দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের স্মরণে আন্তর্জাতিক দিবস-২০০৯ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি নেতা ও বিলস-এর মহাসচিব নজরুল ইসলাম খান। ছবি: নাসিরুল ইসলাম/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ঢাকা, এপ্রিল ২৭, ২০০৯
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বর্তমান সরকারকে অগণতান্ত্রিক হিসাবেও আখ্যায়িত করেন নজরুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক খুনসহ বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি বলেন, এই সরকারের কারণেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
নজরুল বলেন, “দেশকে এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি করতে হলে আন্দোলন করতে হবে। আমরা বাকশালী গণতন্ত্র চাই না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, শ্রমিকদের কর্মসংস্থান করতে হলে, শিক্ষাঙ্গনে শান্তি ফিরিয়ে আনতে হলে এই সরকারকে হটাতে হবে।”
জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।
সোমবার মওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালনে বিএনপি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, সাবেক ছাত্র নেতা নাজমুল হক নান্নু, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের আবদুস সালাম আজাদ, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, মহিলা দলের শিরিন সুলতানা, উলামা দলের হাফেজ আবদুল মালেক, ছাত্র দলের রাজিব আহসান প্রমুখ বক্তব্য রাখেন।
