২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার নিয়ে নতুন প্রতিক্রিয়া নেই ফখরুলের

একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখানোর পুরনো অবস্থানেই রয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 06:58 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই বিচার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সব সময়ই যুদ্ধাপরাধের বিচার চায়, তবে তা হতে হবে স্বচ্ছ ।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি ও তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতার ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজা হলেও বরাবরই নিশ্চুপ বিএনপি।

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে আমরা কখনো কোনো মন্তব্য করিনি। আমরা আগেও বলেছি, আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই। তবে সেই বিচারটি হতে হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া। সুষ্ঠু, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হতে হবে।”

দ্রুত নির্বাচনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোট ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই এই ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারকে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করতে হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সভায় দ্রুত একটি ‘অর্থবহ নির্বাচন’র জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বলে জানান ফখরুল।

আন্দোলনের কর্মসূচি কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, “আমরা আন্দোলনে আছি। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের কর্মসূচি সময়মত দেওয়া হবে।”

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানাতে এই বিফ্রিং হয়।

সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “স্থায়ী কমিটি মনে করে, অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের আন্দোলন দমানোর হীন চক্রান্ত করছে।

“সরকারের ফ্যাসিস্ট আচরণ রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। এতে অগণতান্ত্রিক ও সন্ত্রাসী শক্তির বিকাশের পথ সুগম হচ্ছে, যা দেশের জন্য এক ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’’

স্থায়ী কমিটির সভায় ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়া, ৯ নভেম্বর সারাদেশে বিএনপির বিক্ষোভে হামলা, গাজীপুরের মেয়র এমএ মান্নানসহ বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের বিষয়ে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “এতদিন আমরা যা বলে আসছিলাম, এইচ টি ইমামের বক্তব্যে তা প্রমাণিত হল। ওই সময়ের নির্বাচনগুলো নিয়ন্ত্রণে নিতে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কাজ করেছে, তা ওই উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার হয়েছে।”

ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।