২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরকার সহযোগী সংগঠনকে শক্তিশালী করা: মির্জা আব্বাস 

ঢাকায় জোরালো আন্দোলন করতে হলে কেবল মহানগর কমিটি নয়, সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করার তাগিদ দিয়েছেন মির্জা আব্বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 08:57 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন সংগঠনে ঢাকা মহানগর কমিটির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগের  প্রেক্ষাপটে নতুন কমিটর আহ্বায়কের দায়িত্ব নেয়া এই নেতা সোমবার এক সভায় এই তাগিদ দেন। 

জাতীয়তাবাদী মহিলা দলের এক সভায় মির্জা আব্বাস বলেন, “বিএনপি নেতারাসহ অনেকে বলেছেন, মির্জা আব্বাস এসেছে, এবার কিছু একটা হবে। আমার কাছে আলাউদ্দিনের প্রদীপ নেই যে আমি কিছু একটা করতে পারব।

“আন্দোলন জোরালো করতে হলে কেবল মহানগর কমিটি শক্তিশালী করলেই সব কিছু হবে না। একইসঙ্গে সব অঙ্গ সংগঠনকে শক্তিশালী হতে হবে।’’

গত ৬ জুলাই মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। তার আগের কমিটিতে আহ্বায়ক ছিলেন সাদেক হোসেন খোকা।

বিএনপির আন্দোলনের সক্ষমতা নেই বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, “আপনারা (ক্ষমতাসীনরা) এত অস্থির হয়েছেন কেন?

“যত তাড়াতাড়ি আন্দোলন হবে, তত তাড়াতাড়ি আপনাদের বিদায় হবে- এটা  কি আপনারা চান ? আমি স্পষ্টভাষায় বলে দিতে চাই- আপনাদের আমরা বিদায় করবই। আপনারা সেই অপেক্ষায় থাকুন।”

নয়া পল্টনের ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে মওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মহানগর ও কেন্দ্রীয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

আগামী নির্বাচনও ‘দলীয় সরকারের’ অধীনেই হবে বলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের দেয়া বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেই তারা এরকম কথাবার্তা বলছে। আমরা বলতে চাই, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে।

“আওয়ামী লীগকেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে। এই সরকারকে অবশ্যই নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে হবে।”

বর্তমান সরকারের আমলে ‘গুম-খুনে’র কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘হিটলারসহ বিভিন্ন স্বৈরশাসকরা এসেছিলো পৃথিবীতে। আবার নির্মমভাবে তারা চলেও গেছে। কিন্তু বর্তমান সরকারের মতো এতো ফ্যাসিস্ট বিশ্বের কোথাও দেখা যায়নি।

“১৯৭৪ সালেও আওয়ামী লীগের এরকম অবস্থাই ছিল। তাই এই সরকারকে সরাতে হলে আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

মহানগরকে শক্তিশালী করতে ‘তোষামোদী’ লোকজনকে নেতৃত্বে না এনে ত্যাগী ও কর্মঠ নেতা-কর্মীদের মূল্যায়ন করার পরামর্শ দেন মির্জা আব্বাস।

সংগঠনের সভানেত্রী নুরী আরা সাফা‘র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, নেওয়াজ হালিমা আরলি, বিলকিস ইসলাম, মহানগর সভানেত্রী সুলতানা আহমেদ প্রমুখ বক্তব্য দেন।