২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় খোকার বিস্ময়

দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের  (দুদক) মামলায় আসামি করায় বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসার জন্য নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 11:30 AM

Updated : 25 Apr 2022, 04:36 PM

তার দাবি, এ মামলা ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’।

ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং এলাকা অবৈধভাবে দোকানের জন্য বরাদ্দ দেয়ার অভিযোগের তদন্তে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে রোববার দুদক এ মামলা করে, যাতে খোকাসহ আটজনকে আসামি করা হয়েছে।

রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলমের করা মামলায় অন্য আসামিরা হলেন- ডিসিসির (উত্তর) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, সাহাবুদ্দিন সাবু, কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।

সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে সাদেক হোসেন খোকা দাবি করেন, মামলার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তিনি।

ঢাকা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, “অনলাইন নিউজপেপারে সংবাদটি  হঠাৎ করেই দেখলাম। এর আগে কিছুই জানতাম না। দুদকও আমার সঙ্গে যোগাযোগ করেনি।

‘রাজনৈতিক কারণে বর্তমান সরকার ‘ভিত্তিহীন’ অনেক কিছুই করছে অভিযোগ করে খোকা বলেন, “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দুদক এ মামলা করেছে।”

সুস্থ হয়ে দেশে ফিরে এ ধরনের ‘বানোয়াট’ মামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

নিজের চিকিৎসার বিষয়ে খোকা জানান, চিকিৎসকের পরামর্শে তিনি ওষুধ খাচ্ছেন। ১৭ সেপ্টেম্বর আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা সর্বশেষ অবস্থা জানালে পরবর্তী পর্যায়ের চিকিৎসা শুরু হতে পারে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ২০০২ সালের এপ্রিল থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন।

পুরনো খবর:

খোকার বিরুদ্ধে দুদকের মামলা