খোকার বিরুদ্ধে দুদকের মামলা
দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম রোববার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং এলাকা অবৈধভাবে দোকানের জন্য বরাদ্দ দেয়ার অভিযোগ তদন্ত করে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই মামলা করা হয়েছে।”
বাকি আসামিরা হলেন- ডিসিসির (উত্তর) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, সাহাবুদ্দিন সাবু, কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা ‘ব্যক্তিগত স্বার্থে’ নিয়ম-বহির্ভূতভাবে সিটি করপোরেশনের মালিকানাধীন বিপণি বিতান ঢাকা ট্রেড সেন্টারের সামনের খোলা জায়গা মাসে ১৫ টাকা প্রতি স্কয়ার ফুট হারে বরাদ্দ দিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ২০০২ সালের এপ্রিল থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন।
