২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হানাহানি পরিহার করে সমৃদ্ধশালী দেশ গড়ুন: মুহিত

রাজনৈতিক হানাহানি পরিহার করে সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার চ্যালেঞ্জিং কাজে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 09:18 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “রাজনৈতিক হানাহানি করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না, আর জনগণও এটা সমর্থন করে না।

“সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে হলে কর্মসংস্থান ও মাথাপিছু আয় বাড়াতে হবে। এ দু’টি কাজই চ্যালেঞ্জিং। দেশকে এগিয়ে নিতে সরকার এ চ্যালেঞ্জ নিয়েছে। একাজে সবাইকে অংশ নিতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘টেকসই উন্নয়নের ওপর বাংলাদেশ সম্মেলন ২০১৪: ১০০ বছরের মিশন’ শীর্ষক চার দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে সামাজিক উন্নয়ন বিষয়ক সংগঠন ‘এমিনেন্স’।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “একটি সুখী-সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্নে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু ১৫ অগাস্ট তাকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা হয়।

“বর্তমান সরকার আবার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উন্নয়নের পথে কর্মসংস্থান সৃষ্টিই বড় চ্যালেঞ্জ। কীভাবে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান আরও বাড়ানো যায় সে ব্যাপারে যারা উন্নয়ন বিশেষজ্ঞ ও গবেষক রয়েছেন তাদের পরামর্শ প্রয়োজন।”

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ধারাবাহিকভাবে অগ্রগতি করছে বলে মন্তব্য করে মুহিত বলেন, “উন্নয়ন সূচকের তথ্যে কিছুটা গরমিল রয়েছে। যে কারণে সূচকে অগ্রগতির প্রকৃত চিত্র প্রতিফলিত হয়না।”

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, গ্রামীণ  মানুষের জীবনমানের উন্নতি হয়েছে।  কিন্তু সূচকে তার প্রতিফলন ঘটেনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও উদ্যোক্তাদের পক্ষে শামীম হায়দার তালুকদার।

কাজী খলীকুজ্জমান বলেন, “বাংলাদেশে দারিদ্র্যের হার কমে আসছে। বর্তমানে দারিদ্র্যের হার ২৬ শতাংশ এবং অতি দারিদ্র্যের হার ১৩ শতাংশ। এর মধ্যে বেশির ভাগই চা শিল্পের শ্রমিক, দলিত শ্রেণি, পরিচ্ছন্নতাকর্মী, কৃষক, প্রতিবন্ধী, নদী ভাঙ্গনও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার মানুষ।

“দারিদ্র্য দূর করতে হলে টেকসই উন্নয়ন, বিশেষ করে মানব সম্পদ উন্নয়নের দিকে জোর দিতে হবে। বর্তমান সরকার ও উন্নয়ন সংস্থাগুলো যে ভাবে কাজ করছে তাতে আগামী ২০২০ সালের মধ্যে অতি দারিদ্র্য দূর হবে।”

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “একটি জাতিকে সমৃদ্ধ  করতে টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা অপরিহার্য। তাই টেকসই উন্নয়নের প্রতি বেশি মনোযোগ দিতে হবে। এজন্য প্রাকৃতিক সম্পদের ব্যবহারে সতর্ক হতে হবে। খেয়াল রাখতে হবে যেন উদ্বৃত্ত প্রাকৃতিক সম্পদ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া যায়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফাম, ইউএনএফপিএ, বাংলাদেশ উন্নয়ন পরিষদ, পিকেএসএফ, ইনস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্সসহ মোট ২৬টি সংগঠন সম্মেলনটি আয়োজনে সহযোগিতা করছে।

এমডিজি পরবর্তী টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের উপায় নিয়ে আলোচনা করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমুহ বা এমডিজি’র মেয়াদ শেষ হচ্ছে ২০১৫ সালে। এর পরে শুরু হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি।

এসডিজিকে সামনে রেখেই বিভিন্ন উন্নয়ন এজেন্ডার ওপর বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে অনেক আগেই আলোচনা শুরু হয়েছে। এর ধারবাহিকতায় ঢাকায় আয়োজিত এ সম্মেলনে সরকারি ও বেসরকারি খাত ও এনজিও প্রতিনিধি, গবেষক, পেশাজীবি, শিক্ষার্থীসহ দেশি বিদেশি নানা পর্যায়ের অতিথি এসেছেন।

ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।