২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসের জন্য চাঁদাবাজি নয়, নেতাকর্মীদের কাদের

১৫ অগাস্ট শোক দিবসের কর্মসূচি পালনের জন্য চাঁদাবাজি না করতে দলীয় নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:15 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

মঙ্গলবার বঙ্গবন্ধুর বড় ছেলে ও আবাহনী ক্রীড়াচক্রের (বর্তমানে আবাহনী লিমিটেড) প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক আলোচনায় এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, “শোক দিবস করতে বেশি পয়সা লাগে না। আমি অনুরোধ করবো, নিজেদের মধ্যে চাঁদা তুলে, নিজেরাই শোক দিবসের অনুষ্ঠান করবেন। কারো কাছে চাঁদা চাইবেন না। এটা আমার বিশেষ অনুরোধ।

“চাঁদাবাজি করে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করবেন না। ১৫ অগাস্টের শোকের প্রতি আমরা সম্মান রাখবো। বঙ্গবন্ধুর মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখবো।”

শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে যুবলীগ।

নেতা-কর্মীদের ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “যারা রাজনীতি করবেন তারা সত্যিকারের দেশপ্রেমের জন্য রাজনীতি করবেন। হালুয়া-রুটির জন্য রাজনীতি করবেন না। ক্ষমতা শেয়ার করার জন্য রাজনীতি করবেন না। ত্যাগের জন্য রাজনীতি করবেন।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর থেকে  দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এই দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করলেও ২০০২ সালে চারদলীয় জোট সরকার তা বাতিল করে। পরে হাই কোর্টের রায়ে ২০০৮ সাল থেকে দিনটি জাতীয় শোক দিবস হিসাবে পালিত হচ্ছে।

বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে দলীয় নেতাকর্মীদের তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমাদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। সবাইকে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক হতে হবে।”

বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে সরকার বিচলিত নয়-মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, “বিএনপির আন্দোলন নিয়ে ভয়-আতঙ্কের কোনো কারণ নেই। যত গর্জে তত বর্ষে না। পথিক যেমন পথ হারায় তেমনি বিএনপির আন্দোলন পথ হারিয়ে আজ দিশেহারা।

“বিএনপির আন্দোলন হতাশার অতল গভীরে নিমজ্জিত। তাদের আন্দোলন চোরাবালিতে হারিয়ে গেছে।”

শেখ কামালের অবদানের কথা স্মরণ করে ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের বলেন, “বাংলাদেশে অনেক তরুণ দেখেছি। কিন্তু তার মতো এমন মেধাবী তরুণ আর দেখিনি। দেশের একেকজন তরুণ শেখ কামালের মতো হতে পারলে বাংলাদেশের চেহারা বদলে যাবে।”

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলির সদস্য মজিবুর রহমান ও মাহবুবুর রহমান হিরণ, ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।