২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ আন্দোলনের ‘হেডমাস্টার’: সুরঞ্জিত

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে গণতান্ত্রিক সরকারকে হটানোর যে কোনো চেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 05:30 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

তিনি সোমবার এক আলোচনা সভায় বলেছেন, “আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ আন্দোলনের হেডমাস্টার।

“আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পতন ঘটানোর চেষ্টা করলে সরকারের প্রশাসনিক অঙ্গগুলো বসে থাকবে না। প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।”

৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। দাবি মানতে সরকারকে বাধ্য করতে ঈদের পর জোরদার আন্দোলনের ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া।

বিএনপির উদ্দেশে সুরঞ্জিত বলেন, “আন্দোলনের কথা ভাবার চেয়ে আপনাদের রাজনৈতিক চিন্তাধারায় পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। জামায়াত, উগ্রবাদ, জঙ্গিবাদকে পরিত্যাগ করে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসুন।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি একটি সংবাদপত্রে এইচ এম এরশাদের একটি নিবন্ধ নিয়ে বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়েও মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।

“এরশাদ সাহেব এখন ঢাকের ঢোল, যে আসে সেই দুটো বাড়ি দিয়ে যায়। বিএনপি এখন তাকে ক্ষমা চাইতে বলছে। আবার ভোট এলে বিএনপি নিজেই এরশাদের কাছে ক্ষমা চেয়ে তাকে দলে ভেড়াতে চেষ্টা করে।”

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরঞ্জিত।

নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এই সভায় আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, সংসদ সদস্য হাজী মো. সেলিম, সংগঠনটির মহাসচিব হুমায়ুন কবির মিজিও বক্তব্য রাখেন।

পুরনো খবর:

সরকারকে বাধ্য করা হবে: খালেদা