সরকারকে বাধ্য করা হবে: খালেদা
ঈদের পর জোরালো আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করার ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া।
তিনি বলেছেন, “৫ জানুয়ারি নির্বাচনে ৯৫ ভাগ মানুষ ভোট না দিয়ে এই সরকারকে জানিয়ে দিয়েছে, তারা তাদের চায় না।
“আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, ঈদের পরই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।”
শনিবার ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি)ইফতার অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি চেয়ারপারসন একথা বলেন।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বানও জানান তিনি।
৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর বিএনপি নতুন নির্বাচন দাবি করলেও তাতে সরকারের সাড়া নেই। এর আগে আরো কয়েকটি ইফতার অনুষ্ঠানেও খালেদা ঈদের পর জোরালো আন্দোলনের কথা বলে আসছেন।
তার দাবির পরিপ্রেক্ষিতে শনিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রসিকতা করে বলেন, “শুনেছি বিএনপি ঈদের পর আন্দোলনের ডাক দিয়েছে। সেটা কোন ঈদের পর- রোজার ঈদ, কোরবানির ঈদ? না কি আগামী বছরের ঈদ?”
খালেদা বলেন, “দেশের মানুষ ভালো নেই। দেশ দুরবস্থার মধ্যে আছে। প্রতিনিয়ত মানুষ গুম-খুন হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।
“অতীতেও দেশের মানুষ আন্দোলন করেছে। দেশবাসী এখনো আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে। এখন আমাদের প্রস্তুতি নিতে হবে।”
হোটের পূর্বাণীতে এই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন। এতে ২০ দলীয় ঐক্যজোটের শীর্ষনেতারা অংশ নেন।
ইফতারের আগে খালেদা জিয়া টেবিলে টেবিলে গিয়ে আমন্ত্রিত অথিতিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এক টেবিলে এনডিপির সভাপতি খোন্দকার গোলাম মূর্তজা ছাড়াও ছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনডিপির আলমগীর মজুমদার, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ প্রমুখ।
সোস্যাল ইসলামিক ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান, সাংবাদিক সাদেক খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানও এই ইফতারে ছিলেন।
বিএনপির নেতাদের মধ্যে ছিলেন আর এ গনি, মির্জা আব্বাস,আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, এস এ খালেক, সুলতান সালাহউদ্দিন টুকু, রফিক শিকদার, শিরিন সুলতানা, জেবা খান প্রমুখ।
