২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জন নেই, তবে সংসদ কার্যকরও নয়: টিআইবি

বিএনপিবিহীন দশম সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে আবার প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 05:31 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

সংসদে বিরোধী দলের প্রশংসায় প্রধানমন্ত্রী
সরকারকে সহযোগিতা করতে চাই: রওশন
সংসদে নতুন ‘কনসেপ্ট’ নিয়ে আমরা: জাপা
সংসদে বিরোধী দল নেই: টিআইবি

জাতীয় পার্টি অধিবেশন বর্জন না করলেও সংসদ কার্যকরে বিরোধী দলের ভূমিকা এখনো যথাযথ নয় বলে টিআইবির পর্যবেক্ষণ।

পাশাপাশি সংসদে কোরাম সঙ্কট নিয়ে উদ্বেগ জানিয়ে তারা বলেছে, এই কারণে দশম সংসদের প্রথম অধিবেশনে প্রায় ৮ কোটি এক লাখ টাকা অপচয় হয়েছে।

সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সংবাদ সম্মেলন করে দশম সংসদের প্রথম অধিবেশন নিয়ে ‘পার্লামেন্টওয়াচ’ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

বিএনপির বর্জনের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনের পর চলতি বছরের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে দশম জাতীয় সংসদ, যার প্রথম অধিবেশন চলে ১০ এপ্রিল পর্যন্ত ৩৬ কার্যদিবস।

জাতীয় পার্টি সরকারের অংশ নেয়ার পাশাপাশি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায়ও এসেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলটির ভেতর থেকেই।

তবে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, তারা সরকারে অংশ নিলেও বিরোধী দল হিসেবে সংসদে সরকারের ‘গঠনমূলক’ সমালোচনা করবেন।

সংসদ বর্জন করবেন না বলে ঘোষণা দিলেও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কয়েক মিনিটের জন্য ওয়াকআউট করেছিল এইচ এম এরশাদি নেতৃত্বাধীন দলটি।     

বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ‘আত্মপরিচয়ের সংকটে’ রয়েছে বলে টিআইবির মূল্যায়ন। সরকার ও বিরোধী দলে একসঙ্গে থাকাকে ‘এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী’ পরিস্থিতি বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবার সংসদে বিরোধী দল হিসেবে যে দলটি (জাতীয় পার্টি) দাবি করছে ব্যতিক্রমী অবস্থানে তারা আত্মপরিচয় সংকটে রয়েছে। মূলত বিরোধী দলের এ অভিনব ভূমিকায় সংসদ কতটুকু কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।”

বিএনপির সময়কার সংসদ বর্জনের ধারা এখন না থাকলেও বিরোধী দলের মৌলিক চরিত্র যথাযথ পালন করা নিয়ে সংশয় প্রকাশ করেন ইফতেখারুজ্জামান।

“এবার সংসদ বর্জন হয়নি।কার্যকর সংসদে এটি প্রধান সূচক নয়। সংসদ বর্জন না হলেও এই নয় যে, বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করেছে। সংসদে (তাদের) প্রত্যাশিত ভূমিকা পালন কতটুকু সম্ভব হবে, তার মূল্যায়নের সময় এখনো আসেনি।”

Image
ইফতেখারুজ্জামান

ইফতেখারুজ্জামান

জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের দৃশ্যমান ভূমিকা চোখে পড়েনি টিআইবির।  

ইফতেখারুজ্জামান বলেন, “এ অধিবেশনে সংসদ নেতার (শেখ হাসিনা) উপস্থিতি ছিল ৮৮ দশমিক ৮৮ শতাংশ (৩২ দিন) ও বিরোধীদলীয় নেতার (রওশন) উপস্থিতি ছিল ৩৮ দশমিক ৮৮ শতাংশ (১৪দিন)।”

সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন টিআইবি কর্মসূচি ব্যবস্থাপক (প্রোগ্রাম ম্যানেজার) জুলিয়েট রোজেটি ও কর্মসূচি উপব্যবস্থাপক মোরশেদা আক্তার।

প্রতিবেদনে বলা হয়, প্রবণতা কমে এলেও প্রথম অধিবেশনে সদস্যদের উপস্থিতির ঘাটতির কারণে কোরাম সংকট এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দৈনিক গড়ে ২৮ মিনিট কোরাম সংকটের কারণে নষ্ট হয়েছে।

“প্রথম অধিবেশনে কোরাম সংকট হয়েছে ১৭ ঘণ্টা ৭ মিনিট। যার আর্থিক মূল্য প্রায় ৮ কোটি এক লাখ টাকা। আর অধিবেশনে আইন প্রণয়নে মোট সময়ের মাত্র এক দশমিক ৮ শতাংশ সময় ব্যয় হয়েছে।”

বিরোধী দলের কোনো সদস্যকে ৫১টি সংসদীয় স্থায়ী কমিটির কোনোটিতেই সভাপতি না করার সমালোচনাও করেন টিআইবির নির্বাহী পরিচালক।

টিআইবি সভাপতি সুলতানা কামাল সংবাদ সম্মেলনে বলেন, “সংসদের মূল কাজ জনস্বার্থে আইন প্রণয়ন করা। অথচ সংসদের কার্যাবলির মধ্যে আইন প্রণয়নের হার ২ শতাংশেও পৌঁছায় না।

Image
সুলতানা কামাল

সুলতানা কামাল

“এর কারণ, ব্যবসায়ী অধ্যুষিত সংসদ। এ জন্যই জনগণের স্বার্থের বিষয়গুলো প্রাধান্য পায় না এবং জনস্বার্থে আইন প্রণয়নে দীর্ঘসময় ব্যয় হয়।”

ব্যবসায়ী স্বার্থের আইনগুলো অত্যন্ত দ্রুত পাস হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংসদকে জবাবদিহিতার কেন্দ্রবিন্দুতে পরিণত সংসদকে আরো বেশি কার্যকর করতে বিরোধী দলকে দৃশ্যমাণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে টিআইবি।

এক্ষেত্রে সদস্যদের উপস্থিতি, তাদের গণতান্ত্রিক আচরণ, সংসদীয় কমিটি কার‌্যকর করা, তথ্য প্রকাশসহ ১৮ দফা সুপারিশও করে সংস্থাটি।

পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদনে বলা হয়, দশম সংসদের প্রথম অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৬ দিন, ব্যয়িত সময় ১১৩ ঘণ্টা ৫১ মিনিট।

এর মধ্যে সবচেয়ে বেশি ৫২ দশমিক ৩ শতাংশ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় ব্যয় হয়েছে। আইন প্রণয়নে ১.৮ শতাংশ সময় ব্যয় হয়।

Image
দশম সংসদের প্রথম দিনে জাতীয় পার্টির সদস্যরা

দশম সংসদের প্রথম দিনে জাতীয় পার্টির সদস্যরা

প্রথম অধিবেশনে প্রতি কার‌্যদিবসে সদস্যদের গড় উপস্থিতির হার ৬৪ শতাংশ। নবম সংসদে এ হার ছিল ৬৮ শতাংশ।

তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, প্রথম অধিবেশনে নবম সংসদে নিজ দলের প্রশংসা করা হয়েছে ২৫১ বার, এবার নিজ দলের প্রশংসা ৮৫৬ বার। সরকার ও বিরোধী দল নবম সংসদে ৩৪২ বার সমালোচনা করলেও এবার তা বেড়ে ৫৩১ বার হয়েছে।

রাষ্ট্রপতির আলোচনায় সরকার ও বিরোধী দল পরস্পর মিলে নবম সংসদের বিরোধী দল বিএনপির সমালোচনাও করেছে অনেকবার, যার সমালোচনা আবার জাতীয় পার্টির সংসদ সদস্যের বক্তব্যেও এসেছে।