২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা-দিল্লি সম্পর্কের চমৎকার সূচনা’

ভারতের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘চমৎকার সূচনা’র মনোভাব নিয়ে দেশে ফিরে গেলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 06:41 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

পুরনো খবর:

‘বাংলাদেশের সঙ্গে খুব ভালো সম্পর্ক চাই’
তিস্তায় মতৈক্যের চেষ্টা, সীমান্তে আশাবাদ সুষমার
বাংলাদেশিদের ভিসামুক্ত প্রবেশাধিকার চায়নি ভারত
রাষ্ট্রপতির সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
পাশে থাকার আশা দিলেন সুষমা

শুক্রবার দুপুরে বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। দেড়টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে নয়া দিল্লির উদ্দেশে রওনা হন সুষমা।

এর কিছুক্ষণ আগে বিমানবন্দরে তার সফরসঙ্গী মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন সাংবাদিকদের বলেন, তাদের দৃষ্টিতে ‘এই সফর ছিল অত্যন্ত সন্তোষজনক ও পরিপূর্ণ’।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে বুধবার ঢাকায় পৌঁছেন সুষমা স্বরাজ। প্রথম বৈঠকে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ হয় তার। দ্বিপক্ষীয় বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পাঁচ বছরে বাংলাদেশ-ভারতের সম্পর্ক ‘সবচেয়ে ভাল’ ছিল বলে মনে করা হয়। ভারতে ক্ষমতার পালাবদল দুদেশের মধ্যকার সম্পর্কে ছেদ ঘটাতে পারে- এমন জল্পনার মধ্যে ঢাকা সফর করলেন সুষমা।

তবে এই জল্পনার অবসান ঘটিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, তার সরকার যে শুধু সম্পর্ক অব্যাহত রাখতে চায় তা-ই নয়, এই সম্পর্ককে তারা আরো জোরদার করতে চান।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বৃহস্পতিবার ঢাকায় দেয়া তার বক্তৃতায় স্পষ্ট করে বলেন, তিনি ভারতের নতুন সরকারের কাছ থেকে ‘বন্ধুত্ব ও শুভেচ্ছার’ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছেন।

দুদেশের মধ্যে অংশীদারিত্বের ‘বিশাল’ সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সম্পর্ক ও পারস্পরিক সমঝোতা জোরদার করার লক্ষ্য নিয়ে আমি এসেছি।”

এসময় তিনি দুদেশের অতীতের কথা স্মরণ করে আবেগময় মন্তব্যও করেন। তিনি বলেন, “অতীতে আমরা একসঙ্গে রক্ত দিয়েছি। আর আমাদের গন্তব্যও আন্তঃসম্পর্কিত।

“আমরা শুধু অতীতের অংশীদার নই, ভবিষ্যতেরও। আমাদের এই অঞ্চলে ভবিষ্যত উন্নয়নের লক্ষ্য রয়েছে আমাদের।”

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র তুলে দেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “চিঠিতে তিনি বলেছেন, পারস্পরিক স্বার্থ ও অগ্রাধিকারমূলক নিয়ে ঘন ঘন বৈঠক এবং বিস্তৃত পরিসরের অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি ঢাকা-দিল্লির চলমান সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে চান।”

বৃহস্পতিবার বিকালে রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা করেন বিজেপি নেত্রী সুষমা।

বক্তব্যে তিনি ঢাকার সব উদ্বেগের বিষয় নিয়ে ভারত কাজ করবে বলে আশ্বস্ত করেন। তার সরকার সমান অংশীদার হিসেবে দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নত করতে চায়।

সফরের শেষ দিন শুক্রবার সকালে পুরান ঢাকায় জাতীয় মন্দির ঢাকেশ্বরী পরিদর্শন করেন সুষমা ।  শেরাটন হোটেলে ফিরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মসিউর রহমানের সঙ্গে দেখা করেন।

পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তার সঙ্গে দেখা করতে আসেন। দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন সুষমা। রওশনকে ভারত সফরের আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

পরে দুপুরে বিমানবন্দরে শুক্রবারের আলোচনা নিয়ে মুখপাত্র আকবরউদ্দিন বলেন, “আমরা এমন একটি উপলব্ধি নিয়ে দেশে ফিরে যাচ্ছি যে, বাংলাদেশ সরকার ও সমাজের মধ্যে বিস্তৃত পরিসরে ভারতের সঙ্গে আরো বৃহত্তর পরিসরে বন্ধুত্ব, সহযোগিতা ও আন্তঃসম্পর্কের আকাঙ্ক্ষা ও অনুভূতি বিরাজ করছে।

“আমরা আজ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেগম খালেদা জিয়া ও মিসেস এরশাদের সঙ্গে বৈঠক করেছি।

“আমাদের উপলব্ধি, এটা একটা চমৎকার সূচনা। পারস্পরিক সুপ্রতিবেশীসূলভ চেতনার ভিত্তিতে কাজ করতে এবং এবং পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো সবমাধান করে ভারত ও বাংলাদেশকে এগিয়ে নিতে বিস্তৃত পরিসরে আকাঙ্ক্ষা বিরাজ করছে।”

এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে সরকার ও জনগণের উষ্ণ আপ্যায়ন ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

“তিনি ফিরে গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের নতুন সরকারের সঙ্গে চমৎকার সম্পর্ক নির্মাণে কাজ করবেন।  

“ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে তিনি বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে কাজ অব্যাহত রাখার আশাপ্রকাশ করেছেন।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে ভারত সরকার।

“বাংলাদেশের অভ্যন্তরীণ সব বিষয় বাংলাদেশের জনগণকেই সমাধান করতে হবে।”

অন্যান্য কর্মকর্তাদের মধ্যে পররাষ্ট্র সচিব সুজাতা সিং ও বাংলাদেশ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত শ্রীপ্রিয়া রঙ্গনাথন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।