২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে যান সুষমা স্বরাজ। তিনি আবদুল হামিদকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা পৌঁছে দেন।

রাষ্ট্রপতিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সুষমা স্বরাজকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে।”

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বাংলাদেশ সফরে এসে সুষমা স্বরাজ বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

তিস্তার পানি বণ্টন চুক্তির জন্য স্বদেশে মতৈক্য প্রতিষ্ঠা এবং স্থল সীমান্ত চুক্তি দ্রুত কার্যকরের আশা প্রকাশ করেন সুষমা।  

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপসূ আলোচনা হয়েছে- সুষমা স্বরাজের কাছে তা জেনে রাষ্ট্রপতি বলেন, “দু’দেশের মধ্যে বিরাজমান সমস্যাগুলো আলোচনার ভিত্তিতে সমাধান হবে।”

রাষ্ট্রপতির সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাতের সময় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক, ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রণপত্র শেখ হাসিনার হাতে তুলে দেন তিনি।