সরকারের ক্ষতির ক্ষমতা বিএনপির নেই: তোফায়েল
আন্দোলন করে সরকারের ‘ক্ষতি’ করার ‘ক্ষমতা’ বিএনপির নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তবে ঈদের পরে ‘আন্দোলন’ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ব্যবসায়ীদের ক্ষতি করতে পারবেন বলে মনে করছেন তিনি।
বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তোফায়েল বলেন, “আন্দোলন করে সরকারের ক্ষতি করার ক্ষমতা আপনাদের (বিএনপি) নেই। ব্যবসায়ীদের ক্ষতি করতে পারবেন।”
“এই পথে যাবেন না, দেশের ক্ষতি করবেন না। পাকিস্তান অকার্যকর রাষ্ট্র। আপনি (খালেদা জিয়া) চেষ্টা করেছিলেন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে।”
বিগত পাঁচ বছর ‘ঈদের পরে’ বিএনপির আন্দোলন জোরদারের হুমকির প্রসঙ্গ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, “আপনারা গত পাঁচটি ঈদের পরে আন্দোলনের কথা বলেছেন। যত ক্ষমতা ছিল ৫ জানুয়ারি নির্বাচনের আগে দেখিয়েছেন।”
২০১৯ সালেই নির্বাচন হবে উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে তোফায়েল বলেন, “সংলাপের কথা বলছেন, আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার চান। আমরা তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাবো না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আহ্বান জানালেও তাতে খালেদা জিয়ার সাড়া না দেয়ার প্রসঙ্গও সংসদে তুলে ধরেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
বিএনপি বাংলাদেশে সামরিক শাসন আনতে চেয়েছিল উল্লেখ করে তোফায়েল বলেন, “তারা দেশকে থাইল্যান্ড বানাতে চেয়েছিল। ২৪ জানুয়ারির আগে নির্বাচন করতে না পারলে দেশ থাইল্যান্ড হতো।
এইচ এম এরশাদ বাজেট আলোচনায় কিছু নেতিবাচক কথা তুলে ধরেছেন উল্লেখ করে তোফায়েল বলেন, “তিনি চমৎকার মানুষ, তার আচার-ব্যবহারও অত্যন্ত ভালো।”
“আমাদের সুশাসন দিতে হবে। তবে আমরা খুশি হতাম তিনি (এরশাদ) যদি বলতেন ২০১৩ সালে কী হয়েছে।”
২০১৩ সালে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতার কয়েকটি ঘটনাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “যেদিন রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের হাতে গেছে সেদিন থেকেই রাজনীতি কলুষিত হয়ে গেছে।”
খালেদা জিয়ার উদ্দেশে তোফায়েল বলেন, “এরশাদ সাথে থাকলে তাকে ভালো বলেন, সাথে না পাওয়ায় এখন খুনি বলতেও দ্বিধা করেন না। এগুলো মনে রাখবেন সাবেক রাষ্ট্রপতি।”
নারায়ণগঞ্জ, ফেনী ও মিরপুরে বিহারী কলোনীতে যা ঘটেছে সেটা বাংলাদেশে হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
২০১৯ সালের আগে নির্বাচন হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “তবে এখন কেন সংলাপ হবে?”
“এদেশে কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। নির্বাচিত সরকারের অধীনেই আগামীতে নির্বাচন হবে।”
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোরও দাবি জানান নাসিম।
