সংসদে গানে গানে আলোচনা মমতাজের
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা গানের সুরে করলেন আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম।
মঙ্গলবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন এই কণ্ঠশিল্পী।
মমতাজ বক্তৃতা শুরু করেন গান দিয়ে। অন্নদা শঙ্কর রায়ের ‘যতদিন রবে পদ্মা, যমুনা, গৌরি, মেঘনা বহমান/ ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’ কবিতাটির কয়েকটি পংক্তি সুর করে গেয়ে ওঠেন মমতাজ।
নবম সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর এবং বাজেট আলোচনায় অংশ নিয়ে বক্তব্যেও গান শুনিয়েছিলেন এই সংসদ সদস্য, তবে তা ছিল বক্তব্য শেষে।
নিজ দলের সংসদ সদস্যের এই গানের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাসতে দেখা যায়।
মমতাজের জন্য নির্ধারিত সময় শেষ হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে সময় বাড়িয়ে দেন।
মমতাজের গান শেষ হলে সংসদ সদস্যদের টেবিল চাপড়ে বাহবা দিতেও দেখা যায়।
